Home » ডার্বির রং লাল-হলুদ

ডার্বির রং লাল-হলুদ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ এপ্রিল: অবশেষে ডার্বির জয়ের স্বাদ পেল ইস্টবেঙ্গল। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগে চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগানকের জুনিয়র দলকে ২-০ গোলে হারাল ইস্টবেঙ্গলের জুনিয়ররা। এদিন ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করে নায়ক কুশ। আইএসএলে এখনও পড়শি ক্লাবকে হারাতে পারেননি ইস্টবেঙ্গল। গত কয়েকবছর ধরে মোহনবাগানের বিরুদ্ধে হারাটাকে কার্যত অভ্যাসে পরিণত করেছে লাল হলুদ ব্রিগেড। তবে সিনিয়ররা যা পারেনি এবার জুনিয়ররা সেই কাজটি করে দেখালো। শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগে এটিকে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। যুব দলের খেলা হলেও ম্যাচকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মত।

আরও  পড়ুন   হায়দরাবাদকে উড়িয়ে ধোনিদের নজরে কেকেআর!

এতদিন ডার্বিতে সমর্থকদের নিরাশ করেছে বড়রা। কিন্তু এদিন সমর্থকদের নিরাশ করল না ইস্টবেঙ্গলের ছোটরা। গোটা ম্যাচেই এদিন প্রাধান্য নিয়ে খেলল লাল হলুদ। বাগান রক্ষণে প্রথম ধাক্কাটা দেন ইস্টবেঙ্গল ফরওয়ার্ড কুশ ছেত্রী। ম্যাচের ৩৪ মিনিটে রক্ষণের ভুলে বল জালে জড়িয়ে দেয় কুশ। গোল হজম করে আক্রমণে ঝাঁঝ বাড়ায় এটিকে মোহনবাগান। গোলের সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে ব্যর্থ হয় এটিকে মোহনবাগানের ফরোয়ার্ডরা। এদিন অনবদ্য খেলে ইস্টবেঙ্গল রক্ষণ। প্রথমার্ধে খেলার ফল ছিল ইস্টবেঙ্গলের পক্ষে ১-০।  দ্বিতীয়ার্ধের শুরু থেকে লাল হলুদ রক্ষণে চাপ বাড়াতে থাকে এটিকে মোহনবাগান। যদিও এদিন এটিকে মোহনবাগানের খেলায় পরিকল্পনার অভাব ছিল স্পষ্ট। তবে ম্যাচের গতির বিপরীতে গিয়ে ৬০ মিনিটে ফের গোল করে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান বাড়ায় কুশ। এদিন জোড়া গোল করে ম্যাচের নায়ক কুশ।

যুব লিগে এর আগে দুবার এটিকে মোহনবাগানের মুখোমুখি হয় ইস্টবেঙ্গল। কিন্ত একবারও জয়ের স্বাদ পায়নি। দুটি ম্যাচই শেষ হয়েছিল অমীমাংসিত। কিন্তু এদিন দাপুটে ফুটবল খেলে অবশেষে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়েই দিল ইস্টবেঙ্গলের তরুণ ফুটবলাররা। এই জয়ের ফলে জোনাল পর্বে শীর্ষস্থানে জায়গা করে নিল ইস্টবেঙ্গল। ১০ ম্যাচে লাল হলুদের সংগৃহীত পয়েন্ট ২৩। এখনও পর্যন্ত সাতটি ম্যাচে জিতেছে লাল হলুদ। তার মধ্যে ২টি ম্যাচে ড্র এবং ১টি ম্যাচে হার। অপরদিকে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এটিকে মোহনবাগান। সবুজ মেরুন ৬টি ম্যাচে জিতেছে, ৩টি ড্র এবং ১টি হেরেছে।

About Post Author