স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা,২৪ এপ্রিল: আইপিএলে টানা দ্বিতীয় ম্যাচে জয় আরসিবির। রবিবার ঘরের মাঠে লিগ টপার রাজস্থান রয়্যালসকে ৭ রানে হারালেন বিরাটরা। ঘরের মাঠে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে ব্যাঙ্গালোর। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানে থামতে হয় রাজস্থানকে।

জমজমাট রবিবাসরীয় আইপিএল। ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে নিজেদের সপ্তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হয় রাজস্থান রয়্যালসের। এদিন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। দিনের শুরুতেই ব্যাঙ্গালোরের ইনিংসে জোর ধাক্কা দেন কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট। প্রথম বলেই ফেরান বিরাট কোহলিকে। গোল্ডেন ডাক করে ফেরেন ব্যাঙ্গালোরের অধিনায়ক। তৃতীয় ওভারে ফের শাহবাজ আহমেদকে ফিরিয়ে ধাক্কা দেন বোল্ট। ঘরের মাঠে ১২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরসিবি শিবির।

এই পরিস্থিতিতে দলের ব্যাটন তুলে নেন ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল। এই অজি-অ্যাফ্রো জুটির ১২৭ রানে ম্যাচে ফেরে ব্যাঙ্গালোর। ডু প্লেসি করলেন ৩৯ বলে ৬২ রান। ব্যাট হাতে তাঁকে যোগ্য সঙ্গত দিলেন ম্যাক্সওয়েল। তিনি করেন ৪৪ বলে ৭৭ রান। অজি অলরাউন্ডারের ইনিংস সাজানো ছিল ৬টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে । এই দুই বিদেশী ব্যাটার ছাড়া আর কোনো ব্যাঙ্গালোরের ব্যাটার রান পান নি। লোমর ফেরেন ৮ রানে। সুয়ষ প্রভুদেশাইরা ফেরেন রান না করেই। পাশাপাশি এদিন ব্যাট হাতে ব্যর্থ দীনেশ কার্তিক ও ওয়ানিন্দু হাসরঙ্গাও। কার্তিক করলেন ১৩ বলে ১৬ রান। রাজস্থানের বিরুদ্ধে শেষ পর্যন্ত বেঙ্গালুরু করে ৯ উইকেটে ১৮৯ রান।

এদিন রাজস্থানের হয়ে ৪১ রানে ২ উইকেট নিলেন ট্রেন্ট বোল্ট। সন্দীপ শর্মাও দুটি উইকেট নিলেও, খরচ করলেন ৪৯ রান। এ ছাড়া যুজবেন্দ্র চহাল এবং রবিচন্দ্রন অশ্বিন ১ টি করে উইকেট নিলেন। রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা রাজস্থানের। গুজরাটের বিরুদ্ধে প্রথম বলে ০ রানে ফিরেছিলেন রাজস্থানের ব্যাটিং অর্ডারের মধ্যমণি জস বাটলার। এদিন সিরাজের বলে বোল্ড হয়ে ফিরলেন ব্রিটিশ ব্যাটার। এরপর দলের রাশ ধরেন অন্য ওপেনার যশস্বী জয়সওয়াল এবং তিন নম্বরে নামা দেবদত্ত পাড়িক্কল। যশস্বীর ব্যাট থেকে এল ৩৭ বলে ৪৭ রান। উইকেটের অন্য প্রান্তে পাড়িক্কল করলেন ৩৪ বলে ৫২ রান। দ্বিতীয় উইকেটে তাঁদের জুটিতে উঠল ৯৮ রান। দ্বাদশ ওভারে পাড়িক্কলকে ফিরিয়ে রাজস্থানের ইনিংসে ধাক্কা দেন ডেভিড উইলি। এরপর চতুর্দশ ওভারে যশস্বীকে ফেরান হর্শল প্যাটেল। ভাল শুরু করলেও ১৫ বলে ২২ রান করে ফেরেন অধিনায়ক সঞ্জু। এদিন ছন্দে ছিলেন না শিমরন হেটমায়ারও। ৩ রান করতে খরচ করলেন ৯ বল।

শেষ দিকে ব্যাট হাতে লড়াই করলেন ধ্রুব জুড়েল। ১৬ বলে ৩৪ রান করে অপরাজিত থেকেও দলকে জেতাতে পারলেন না জুরেল। রাজস্থানের ইনিংস শেষ হল ৬ উইকেটে ১৮২ রানে। সঞ্জুদের বিরুদ্ধে ৩২ রান খরচ করে ৩ উইকেট নিলেন ব্যাঙ্গালোরের হর্ষল প্যাটেল। এছাড়াও ১ টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও ডেভিড উইলি। ৪৪ বলে ৭৭ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৭ ম্যাচে ৪ টিতে জিতে নেট রান রেটের বিচারে পঞ্চম স্থানে রইল ব্যাঙ্গালোর। আর অপরদিকে ৭ ম্যাচে ৪ টিতে জিতে দ্বিতীয় স্থানে নেমে গেল রাজস্থান।


More Stories
ফিফা বিশ্বকাপ ফাইনালে জিতবে কারা? ফুটবল তারকারা ও কোচেরা কি বলছেন?
৩১ সালে সুদসমেত ফিরিয়ে দেব : বুলডোজারের পরে অভিষেকের হুঙ্কার
বিদায় স্যার গ্যারী সোবার্স