সময় কলকাতা ডেস্ক,২৫ এপ্রিল: মঙ্গলবার কেরলের কোচিতে দেশের প্রথম ওয়াটার মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, কোচির আশেপাশে অন্তত ১০টি ছোট-বড় দ্বীপকে যুক্ত করবে এই ওয়াটার মেট্রো। কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তৈরি এই মেট্রো প্রথম যাত্রা শুরু করবে ৮টি বৈদ্যুতিক হাইব্রিড নৌকা নিয়ে। এই ড্রিম প্রজেক্টের ফান্ডিং করেছে জার্মান সংস্থা কেএফডব্লিউ, এবং কেরল সরকার।

পুরো প্রকল্পের জন্য খরচ হচ্ছে ১ হাজার ১৩৭ কোটি টাকা। মেট্রো প্রকল্পটিতে চলবে ৭৮টি বৈদ্যুতিক নৌকা এবং মোট ৩৮টি টার্মিনাল থাকবে। প্রথম ধাপে কোচি ওয়াটার মেট্রো সার্ভিস শুরু হবে হাইকোর্ট থেকে ভাইপিন টার্মিনাল, এবং ভাইত্তিলা থেকে কাক্কানাদ টার্মিনাল পর্যন্ত দু’টি রুটে। বিদ্যুৎচালিত হওয়ার কারণে এই প্রকল্প পরিবেশ বান্ধব বলে দাবি করেছে কেরল সরকার। মেট্রোর কোচগুলি শীতাতপ নিয়ন্ত্রিত, এবং তাতে বড় বড় জানলা থাকবে, যেখান দিয়ে ব্যাকওয়াটারের মনোরম দৃশ্য চাক্ষুষ করতে করতেই সফর করতে পারবেন যাত্রীরা। মাত্র ২০ মিনিটেরও কম সময়ে হাইকোর্ট টার্মিনাল থেকে ভাইপিন টার্মিনালে পৌঁছে যাওয়া যাবে।
আরও পড়ুন জন্মদিনে ফিরে দেখা অরিজিৎ সিংয়ের যাত্রাপথ

ভাইত্তিলা থেকে কাক্কানাদ যেতে সময় লাগবে মাত্র ২৫ মিনিট। জলপথে মেট্রো যাত্রার জন্য টিকিটের ন্যূনতম মূল্য ধার্য করা হয়েছে ২০ টাকা। যাত্রীদের জন্য ট্রেনের মতোই সাপ্তাহিক এবং মাসিক টিকিটেরও ব্যবস্থা আছে। ‘কোচি ওয়ান কার্ড’ ব্যবহার করে একই সঙ্গে মেট্রো রেল এবং ওয়াটার মেট্রোয় চড়া যাবে বলে জানিয়েছে কেরল সরকার। ‘কোচি ওয়ান অ্যাপ’ দিয়ে অনলাইনেই টিকিট বুক করা যাবে। বিশেষভাবে সক্ষম মানুষরাও এই মেট্রোতে নির্বিঘ্নে সফর করতে পারবেন বলে জানানো হয়েছে। আজ সেই অভিনব মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।


More Stories
“কংগ্রেসের হাত-ছাড়া ভুল ছিল”, বিস্ফোরক অনুব্রত দুষছেন আইপ্যাককে
সিআইডি অবিলম্বে অভিষেককে গ্রেফতার করতে চায়, অন্তরায় হাইকোর্টের নির্দেশ
পাক অধিকৃত কাশ্মীরে গুলি, নিহত ৩০