Home » ইস্টবেঙ্গলের হটসিটে সুনীলদের প্রাক্তন হেডস্যার

ইস্টবেঙ্গলের হটসিটে সুনীলদের প্রাক্তন হেডস্যার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ এপ্রিল: ইস্টবেঙ্গলের কোচ বাছাইয়ের নাটকে অবশেষে যবনিকা পাত। গত দুই সপ্তাহ ধরে লাল হলুদের হটসিটে কে বসতে চলেছেন? তানিয়া জল্পনা কম হয়নি। সের্জিও লোবেরা, অ্যান্টোনিও লোপেজ হাবাস, জোসেফ গাম্বাউ প্রত্যেক সপ্তাহে নতুন করে একটি নাম ভেসে উঠছিল জল্পনায়। সোশ্যাল মিডিয়াতে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরছিল, স্টিফেন কনস্ট্যান টাইনের ছেড়ে যাওয়া গদিতে কে বসতে চলেছেন। অবশেষে মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবের তরফে সরকারি ভাবে ঘোষণা করা হল তাদের নতুন কোচের নাম। সবাইকে পিছনে ফেলে লাল হলুদের হট সিটে বসতে চলেছেন কার্লস কুয়াদ্রা। ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে এই স্প্যানিশ কোচের।

 

ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা করায় সের্জিও লোবেরায় মোহভঙ্গ হয় ক্লাব কর্তাদের। এরপরই শুরু হয় নতুন করে কোচ বাছাই পর্ব। সেখানেও একাধিক নাম উঠে এসেছে। কিন্তু দীর্ঘদিন ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত ৫৪ বছর বয়সি এই স্প্যানিশ কোচকেই মনে ধরে ক্লাব কর্তা থেকে বিনিয়োগকারী সংস্থা ইমামির।

তবে কে এই কার্লস কুয়াদ্রা? স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়া থেকে উত্থান। ১৯৮৯ পর্যন্ত বার্সেলোনার দ্বিতীয় ও তৃতীয় দলে খেলেছেন লেফট ব্যাক হিসেবে। এরপর স্পেনের দ্বিতীয় সারির ক্লাব গাভায় দীর্ঘদিন পেশাদারী ফুটবল খেলছেন। ২০০৯-১০ সাল থেকে পেশাদার ফুটবল প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। তুরস্কের জায়ান্ট ক্লাব গ্যালাটাসারির কন্ডিশনিং কোচের দায়িত্ব সামলিয়েছেন। সৌদি আরবের জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন।

 

আরও পড়ুন   জোহান ক্রুয়েফ একটি রূপকথার নাম

এরপর ২০১৬-১৭ মরশুমে ভারতে আসেন। ব্যাঙ্গালুরু এফসির সহকারী কোচ হিসেবে। ২০১৮ মরশুমে তাঁর পদোন্নতি হয়। ব্যাঙ্গালোরের কোচের স্বাধীন দায়িত্ব দেওয়া হয় কুয়াদ্রাকে। ২০২১ পর্যন্ত সেই দায়িত্ব পালন করেছেন তিনি। এবার এই অভিজ্ঞ কোচকেই ক্লেটন, মহেশদের হেড স্যারের ভূমিকায় দেখা যাবে।  কোচ বাছাইয়েই থেমে নেই ক্লাব কর্তারা। ওড়িশা এফসির উইঙ্গার নন্দকুমার সেকর ও চেন্নাইয়ান এফসির রাইট ব্যাক এডউইন ভানস্পলের সঙ্গেও কথাবার্তা পাকা করে নিল লাল হলুদ।

 

About Post Author