স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ এপ্রিল: মরশুম শুরু হওয়ার আগে ঘর গোছানোর পালা ফুটবল ক্লাবগুলির। ঘর গোছানোর আসরে নেমে পড়েছে কলকাতার দুই প্রধানও। কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করা জেসন কামিংসকে দলে পেতে ফের উদ্যোগী মোহনবাগান শিবির। কাতার বিশ্বকাপে মেসির আর্জেন্টিনা ও এমবাপের ফ্রান্সের বিপক্ষে মাঠে নামা এই ফুটবলারকে নতুন করে শর্ত দিল সবুজ মেরুন কর্তারা। একদিকে আইএসএল জয়ী কোচ ও ভারতীয় দুই তারকাকে সই করিয়ে চমক দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। পিছিয়ে নেই এটিকে মোহনবাগানও। দিল্লি থেকে লোনে দলে নেওয়া হয়েছে আনোওয়ার আলিকে। গত মরশুমে গোয়ার হয়ে যিনি আইএসএলে নজর কেড়েছিলেন। এবার ক্লাবের নজরে নতুন স্ট্রাইকার। পেত্রাতোসকে দলে রাখলেও সবুজ মেরুন কর্তারা চাইছেন আরও একজন বিদেশী স্ট্রাইকার এনে দলের আক্রমণভাগকে মজবুত করতে। কথাবার্তা চলছে পেত্রাতোসের স্বদেশীয় স্ট্রাইকার জেসন কামিংসের সঙ্গে।

গত কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন সাতাশ বছরের কামিংস। বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে এমবাপেদের বিপক্ষে পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন কামিংস। যদিও বিশ্বকাপে জাতীয় দলের হয়ে গোল করতে পারেনি এই স্ট্রাইকার। কাতার বিশ্বকাপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া মুখোমুখি হয় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। সেই ম্যাচে অজি ডাগআউটে থাকলেও মাঠে নামা হয়নি কামিংসের।

বিশ্বকাপে দাগ কাটতে না পারলেও অস্ট্রেলিয়ার জাতীয় লিগের দল সেন্ট্রাল কোস্ট মেরিনারের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন কামিংস। ৪৬ ম্যাচে করেছেন মোট ২৬ টি গোল। গোল স্কোরিং রেট ৫০ শতাংশর বেশি। এরকম একজন হাইপ্রোফাইল স্ট্রাইকারকে এবার দলে নিতে মরিয়া গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা। যদিও কামিংসের মোহনবাগানে যোগদানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান ক্লাবের সঙ্গে তাঁর চুক্তি।
আরও পড়ুন লখনউ নাকি পাঞ্জাব, জিতবে কে?

জানা গিয়েছে, তাঁকে দলে পেতে অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে প্রায় তিন কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হবে সবুজ মেরুনকে। তারপরেও প্রায় সাড়ে সাত কোটি টাকা বেতন দিতে হবে এই অজি ফুটবলারকে। এবার একজন ফুটবলারের পিছনে এত টাকা ব্যয় করার ব্যাপারে কিছুটা দ্বিধাবিভক্ত ক্লাব কর্তারা। একটা সময় ফুটবলারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল ক্লাবের। তবে জানা গিয়েছে নতুন করে কথাবার্তা আবার শুরু হয়েছে। ফুটবলারকে অনুরোধ করা হয়েছে বেতনের অঙ্কটা কমানোর জন্য। যদিও ফুটবলার তাঁর প্রত্যাশিত বেতনের অঙ্কটা কমাবেন কিনা সেবিষয়ে স্পষ্ট করেননি। শর্তে রাজি হলে আগামী মরশুমে মোহনবাগানের আক্রমণভাগে দেখা যাবে পেত্রাতোস-কামিংস জুটিকেই ।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার