Home » ব্রিজভূষণের বিরুদ্ধে লড়াইয়ে ক্রীড়াবিদের ঐক্যের ছবি, নেটিজেনদের প্রশ্নের মুখে সচিন-কোহলিদের নীরবতা

ব্রিজভূষণের বিরুদ্ধে লড়াইয়ে ক্রীড়াবিদের ঐক্যের ছবি, নেটিজেনদের প্রশ্নের মুখে সচিন-কোহলিদের নীরবতা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ এপ্রিল: ব্রিজভুষণের বিরুদ্ধে ফের রাস্তায় কুস্তিগীরেরা। আর এই লড়াইয়ে এবার দেখা গেল ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে ঐক্যের ছবি। কুস্তিগীরদের সমর্থনে এগিয়ে এলেন অন্য ক্রীড়াক্ষেত্রের কৃতি খেলোয়াড়রা। যদিও এই অবস্থান বিক্ষোভ নিয়ে নীরব থাকায় সচিন-কোহলিদের প্রতি রুষ্ট নেটিজেনদের একাংশ। দেশের সুপ্রিম আদালতের নির্দেশের পর ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে ভারতীয় কুস্তি সংস্থার প্রধানের বিরুদ্ধে। তবে, কুস্তিগীরদের দাবি, ব্রিজভুষণকে গ্রেফতার না করা পর্যন্ত তাঁদের এই অবস্থান চলবে।

 

এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ ভিনেশ ফোগাটের দাবি, “অবস্থানরত কুস্তিগীররা দিল্লি পুলিশের উপর বিশ্বাস, ভরসা হারিয়েছে। তাই শুধু এফআইআর নয়, ব্রিজ ভূষণকে অবিলম্বে ভারতীয় কুস্তি সংস্থার পদ থেকে হটাতে হবে এবং তাঁকে জেলে পাঠাতে হবে। তবেই যারা WFI সভাপতির বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁদের প্রতি সুবিচার হবে।” অন্যদিকে ব্রিজ ভূষণ এখনও আত্মপক্ষ সমর্থনে বলে চলেছেন, তিনি যদি ইস্তফা দেন তাহলে কুস্তিগীরদের দাবিকেই মান্যতা দেওয়া হবে। নকেন্দ্রের শাসক দলের হেভিওয়েট সাংসদ ও বাহুবলী নেতা বলে পরিচিত ব্রিজভুষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এই লড়াইয়ে দেখা গেল ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে ঐক্যের ছবি।

ইতিমধ্যে কুস্তিগীরদের পাশে থাকার বার্তা দিয়েছেন অলিম্পিয়ান অভিনব বিন্দ্রা, ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব, ভারতীয় টেনিসের আইকন সানিয়া মির্জা, অলিম্পিকে সোনা জয়ী অ্যাথলিট নীরজ চোপড়া, ভারতীয় বক্সার নিখাত জারিন, ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং-সহ ভারতীয় ক্রীড়া জগতের একাধিক নক্ষত্ররা।

আরও পড়ুন   কোন শর্তে এমবাপে-মেসির বিপক্ষে খেলা বিশ্বকাপার মোহনবাগানে?

যদিও দিল্লির যন্তর মন্তরে হওয়া অবস্থান বিক্ষোভ নিয়ে সচিন, কোহলি, মেরি কমদের নীরবতাও চোখে পড়েছে নেটিজেনদের। সামাজিক মাধ্যমে এনিয়ে অনেকে নিজেদের ক্ষোভও উগড়ে দিয়েছেন। তাঁদের দাবি এবার অন্য। সরকারের চোখে নিরাপদে থাকার জন্য ও সরকারি সুযোগ সুবিধা ভোগ করার জন্যই তাঁদের এই নীরবতা।

About Post Author