Home » সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল গ্রুপ ডি মামলার শুনানি

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল গ্রুপ ডি মামলার শুনানি

সময় কলকাতা ডেস্ক,২ মেঃ ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল গ্রুপ ডি মামলার শুনানি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে শীর্ষ আদালতের দেওয়া স্থগিতাদেশ বজায় রইল। সোমবার বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এদিন সেই মামলার শুনানি পিছিয়ে দেয় ডিভিশন বেঞ্চ। এর আগে ২০১৬ সালে গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে। চাকরিপ্রার্থীদের অভিযোগ ছিল, যোগ্যদের সরিয়ে ‘অযোগ্য’দের চাকরি দেওয়া হয়েছে। সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তদন্তের ভিত্তিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় গত ১০ ফেব্রুয়ারি ১ হাজার ৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন। পাশাপাশি বেতন ফেরতের কথাও বলেন বিচারপতি। পাশাপাশি তিনি এও বলেন, বরখাস্ত করার পর যে শূন্যস্থান তৈরি হবে তা অবিলম্বে পূরণ করতে হবে।

আরও পড়ুন   বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে প্রাথমিকের ২টি মামলার নথি তলব

ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের থেকে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে। তারপরই চাকরিহারারা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ, সিঙ্গল বেঞ্চের বেতন ফেরতের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয়। তবে চাকরি বাতিল ও নতুন নিয়োগের বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল থাকে ডিভিশন বেঞ্চেও। ডিভিশন বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান চাকরিহারাদের একাংশ। তাঁদের দাবি, বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁদের কোনও কথা না শুনেই চাকরি বাতিলের নির্দেশ দেন। গত ৩ মার্চ সুপ্রিম কোর্ট, নতুন নিয়োগের ব্যাপারে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়। সোমবার সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি ছিল। যদিও শুনানি পিছিয়ে দেওয়ায় আগের নির্দেশই বহাল থাকছে। আগামী বুধবার এই মামলার শুনানি হওয়ার কথা বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে।

এদিকে, গত ২৮ এপ্রিল সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। শুক্রবার বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। তবে এদিনও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলার কোনও নিষ্পত্তি হয়নি। বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ আগামী ১৪ জুলাই মামলার শুনানির দিন ধার্য করেছে। এদিন সর্বোচ্চ আদালতে ডিএ মামলার শুনানি হবে, এমনটাই আশা করছিলেন রাজ্য সরকারি কর্মীরা। কিন্তু, ফের একবার পিছিয়ে গেল মামলার শুনানি। এই নিয়ে টানা সাত বার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি।

About Post Author