স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ মে: ইডেনে বৃহস্পতিবার সন্ধ্যায় তান্ডব চালিয়ে ১৩ বলে ৫০ করলেন রাজস্থান রয়্যালস দলের ২১ বছরের তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল। আইপিএলে সবচেয়ে কম বল খেলে অর্ধশতরানের রেকর্ড করেও ,থেমে না থেকে ৪৭ বলে অপরাজিত ৯৮ রান করে তিনি প্রায় একার হাতে ধরাশায়ী করলেন কলকাতা নাইট রাইডার্সকে। ইডেনে কেকেআরের বোলিংকে বুলডোজারের মত গুঁড়িয়ে দিলেন,ধুয়ে মুছে সাফ করে দিলেন আইপিএলে অতীতের দ্ৰুততম ব্যাটিংয়ের সব নজির আর গড়লেন আইপিএলের ইতিহাসে দ্ৰুততম অর্ধশতরানের রেকর্ড। তিনি কে এল রাহুল ও প্যাট কামিন্সের ১৪ বলে অর্ধশতরান করার রেকর্ড ভাঙলেন। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, আইপিএলের ১৬ বছরের ইতিহাসে সবচেয়ে দ্ৰুত পঞ্চাশ রান করার তালিকায় শীর্ষে থাকা যশস্বীর বিরুদ্ধে এই রেকর্ড করলেন।

আরও পড়ুন যশস্বীর ব্যাট ও রানার ভুল সিদ্ধান্তে চুরমার কেকেআর
এর আগে সবচেয়ে দ্ৰুত অর্ধশতরানের অধিকারী পাঁচজনের তিনজনই সেই কেকেআরের হয়ে রেকর্ড গড়েছিলেন। এরা হলেন প্যাট কামিন্স (১৪ বলে ফিফটি ), সুনীল নারিন (১৫ বলে ফিফটি ), ইউসুফ পাঠান (১৫ বলে ফিফটি )। এছাড়াও পাঞ্জাবের হয়ে কে এল রাহুল ১৪ বলে ও নিকোলাস পুরান লখনউয়ের হয়ে ১৫ বলে অর্ধশতরান করেন।এদিন ৫টি ছয় ও ১২ টি চার মেরে অপরাজিত ৯৮ রান করা যশস্বী দেশের মাটিতে টি টোয়েন্টি ফরম্যাটে নতুন রেকর্ড গড়লেন। শুধু তাই নয় আজ থেকে ১৬ বছর আগে ভারতের আরেক বাঁ হাতি ব্যাটার যুবরাজ সিংহের ডারবানে ইংল্যান্ড দলের বিরুদ্ধে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ১২ বলে দ্ৰুততম অর্ধশতরানের অক্ষত রেকর্ডটি মনে করালেন।যশস্বী এবছর অসম্ভব ধারাবাহিক ভাবে ভালো খেলছেন। চলতি আইপিএল মরশুমে ১২ টি ম্যাচে ৫২. ২৭ রানের গড় রেখে ৫৭৫ রান করেছেন।এবছর স্ট্রাইক রেট ১৬৭। একটি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন তিনি । ইতিমধ্যেই এনিয়ে আইপিএলে চারটি মরশুম খেলা হয়ে গেল ২১ বছরের যশস্বীর।

সবমিলিয়ে ৩৫ টি আইপিএল ম্যাচে ম্যাচপিছু ৩৩ রানের গড়ে ১১২২ রান সংগ্রহ করা যশস্বীর স্ট্রাইক রেট দেড়শো ছুঁই ছুঁই।উত্তরপ্রদেশে জন্ম এই প্রতিভাবান ক্রিকেটারের যদিও ঘরোয়া ক্রিকেট খেলেন মুম্বাইয়ের হয়ে। লেগব্রেক বল করতেন এবং অল রাউন্ডার হিসেবে তরুণ ক্রিকেটার যশস্বীর আত্মপ্রকাশ। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে সুযোগ পান ব্যাটার হিসেবেই এবং ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন।তাঁর ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটের পারফরমেন্স এবং রেকর্ড খুব ঝকঝকে।মাত্র ১৫ টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেছেন তিনি। ইতিমধ্যেই ইনিংস পিছু ৮০ র বেশি গড় রেখে ৯ টি সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে অল্প বয়সে ডবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়া যশস্বী জয়সওয়াল এবার আইপিএলে নতুন নজির গড়লেন। বিশেষজ্ঞরা বলছেন, নজির ভাঙতেই এসেছেন এবং আরও অনেক নজির গড়বেন যশস্বী। যশস্বী যশ ভুবনব্যাপী হওয়া সময়ের অপেক্ষা।।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?