স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা,১২ মেঃ বেশ কয়েকদিন হল কম্বোডিয়ার বুকে শুরু হয়েছে সি গেমস (SEA GAMES)। ১৭ তারিখ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।যারা দক্ষিণ-পূর্ব এশিয়ার বাসিন্দা নন অথবা যারা প্রতিটি খেলার খুঁটিনাটি খবর রাখার সময় পান না তাঁদের কাছে সি গেমস (SEA GAMES ) শব্দটি অজানা হতেই পারে। সি গেমস (SEA GAMES ) প্রতিযোগিতা কোনও ভাবেই সমুদ্রের সঙ্গে জড়িত নয় যদিও সবার আগে সেই সম্ভাবনা এই প্রতিযোগিতা সম্পর্কে খোঁজখবর না রাখা মানুষের মাথায় আসতেই পারে।

প্রথমেই জেনে নেওয়া যাক (SEA GAMES ) সি গেমস আদতে কি! সাউথ ইস্ট এশিয়ান গেমস বা দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমস, যা সি গেমস (SEA GAMES )নামেও পরিচিত, হল একটি দ্বিবার্ষিক মাল্টি-স্পোর্ট ইভেন্ট অর্থাৎ দু বছর পর পর অনুষ্ঠিত হওয়া বিভিন্ন বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা। অর্থাৎ অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এরকম ধাঁচের একটি প্রতিযোগিতা যাকে আমরা সাফ গেমসের সঙ্গে তুলনা করতেই পারি। কারণটা আর কিছুই নয়, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশের সংখ্যা ও পরিসরের সীমাবদ্ধতা।এই প্রতিযোগিতায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বর্তমান ১১টি দেশের অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করে থাকে । আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) এবং অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (OCA) -র তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমস। ১৯৫৯ সালে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। এই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী অন্তত ২২ ধরণের ক্রীড়া আয়োজক দেশকে আয়োজন করতেই হবে যার মধ্যে অ্যাথলেটিক্স ও অ্যাকোয়াটিক্স (অর্থাৎ সাঁতার, ডাইভিং প্রভৃতি ) থাকবেই। এছাড়াও আরও বেশ কিছু প্রতিযোগিতার সংযোজন ঘটানোই যেতে পারে।
এবার যেরকম উল্লেখযোগ্য ভাবে তিনটি নতুন প্রতিযোগিতা সংযোজিত হয়েছে। পাশাপাশি ২০১৭ সালের পরে এবার আবার একবার ক্রিকেটকেও রাখা হয়েছে সি গেমসে। তিরন্দাজি, ব্যাডমিন্টন, ফুটবল,ফুটসাল, গল্ফ,জুডো, ক্যারাটে, ভলিবল, বাস্কেটবল সব ধরণের খেলাই রয়েছে এবারও।এই প্রতিযোগিতা কমিটির সদর দপ্তর থাইল্যান্ডের ব্যাংককে। ১৯৫৯ সালে প্রথমবার ব্যাংককে-ই অনুষ্ঠিত হয়েছিল সি গেমস। সে সময় সাউথইস্ট এশিয়ান পেনিনসুলার গেমস বা সিএপ গেমস (SEAP GAMES )নামে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। প্রথমবার থাইল্যান্ড, রিপাবলিক অফ ভিয়েতনাম ( বর্তমানে দক্ষিণ ভিয়েতনাম ), মালয় বা বর্তমান মালয়েশিয়া, কম্বোডিয়া,লাওস ও বার্মা বা বর্তমান মায়ানমারকে নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। সেবার ৫২৭ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। ধীরে ধীরে ইন্দোনেশিয়া,শিঙ্গাপুর,ফিলিপন্স,ব্রুনেই, ইস্ট তিমোর,এই সংঘের সদস্য হয়। স্বাভাবিকভাবেই বর্তমানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশের সংখ্যা বেড়ে হয়েছে ১১। ১৯৭৭ সাল থেকে এই প্রতিযোগিতার নাম বদলে সি গেমস হয়ে যায়।এবার ৩৬ টি ক্রীড়ার ৫৮৪ টি ইভেন্ট রয়েছে। প্রতিযোগী সংখ্যা ৬২১০।
আরও পড়ুন যশস্বীর ব্যাট ও রানার ভুল সিদ্ধান্তে চুরমার কেকেআর

৫ মে থেকে শুরু হওয়া প্রতিযোগিতা মোটের উপর সুষ্ঠভাবে চললেও প্রতিযোগিতাকে ঘিরে বেশ কিছু বিবাদ ও বিতর্ক শুরু হয়েছে। কি এই বিতর্ক ও বিবাদ?
বৃহস্পতিবার ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরের মধ্যে সি গেমসের ভ্যালোরেন্ট ইভেন্টের গ্র্যান্ড ফাইনালের সময় প্রবল বিতর্ক শুরু হয়েছিল।এই বিতর্কের মূল কারণ সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলা চলাকালীন অনৈতিকভাবে স্পাইক্যাম ব্যবহারের অভিযোগ। ঘটনা পরম্পরায় শেষ পর্যন্ত সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া উভয়কেই স্বর্ণপদক দেওয়া হয়েছে।এই বিভ্রাট চলছে এবারের উদ্বোধনী অনুষ্ঠান থেকেই যেখানে ভুলবশত বেশ কয়েকটি দেশের জাতীয় পতাকা উল্টে দেখানোর পর আয়োজকরা জনসমক্ষে ক্ষমা চেয়েছেন।কম্বোডিয়ান সম্প্রচার এবং মিডিয়া প্রযোজনা সংস্থা, টাউন প্রোডাকশন বলেছে যে এটি “অসম্মানজনক ভুল” এবং এর জন্য তারা গভীরভাবে অনুতপ্ত। এই ঘটনার সম্পূর্ণ দায় স্বীকার করে সংশ্লিষ্ট দেশগুলির কাছে মার্জনা চেয়ে চিঠি পাঠানো হচ্ছে। সি গেমসে এরকম ভুল প্রথম নয়, মালয়েশিয়ায় ২০১৭ সালে পতাকা বিভ্রাটের জেরে ইন্দোনেশিয়ার কাছে দুঃখ প্রকাশ করে আয়োজক দেশকে ক্ষমা প্রার্থণা করতে হয়েছিল।।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার