Home » ইতিহাদ স্টেডিয়ামে রিয়েলের দর্পচূর্ণ,চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টারের মুখোমুখি সিটি

ইতিহাদ স্টেডিয়ামে রিয়েলের দর্পচূর্ণ,চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টারের মুখোমুখি সিটি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ মে: ইতিহাদ সাক্ষী থাকল ম্যানচেস্টার সিটির আরেকটি কীর্তির। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটি। বুধবার ইতিহাদ স্টেডিয়ামে রিয়েল মাদ্রিদকে ৪-০ গোলে হারাল পেপ গুয়ার্দিওলার দল। দুই পর্ব মিলিয়ে আকাশীজার্সিধারীরা জিতল ৫-১ গোলে। আগামী ১১ ই জুন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হতে চলছে অন্সেলোত্তি বাহিনী।

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় পর্বের খেলা শুরুর আগে, একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ওয়েন রুনি। রুনি বলেছিলেন, সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে ম্যানচেস্টার সিটি শুধু জিতবে না, রিয়েল মাদ্রিদকে গুঁড়িয়ে দেবে। তখন ব্রিটিশ কিংবদন্তি ফুটবলারের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। রিয়েল সমর্থকরা বাক্যবাণে বিদ্ধ করেছিল তাঁকে। কিন্তু রুনির করা ভবিষ্যদ্বাণী যে এরকমভাবে মিলে যাবে কেউ কল্পনাও করতে পারেনি।

ম্যানচেস্টারের ইতিহাদে পঞ্চদশ ইউরোপ সেরার স্বপ্নভঙ্গ হল রিয়েল মাদ্রিদের। কার্যত একপেশে ম্যাচে কার্লো আন্সেলোত্তির দলকে হারাল ম্যানচেস্টার সিটি। খেলার ফল ৪-০। দুই পর্ব মিলিয়ে মোট ৫-১ গোলে রিয়েলকে হারাল আকাশীজার্সিধারীররা। এদিন শুরু থেকে দুরন্ত ফুটবল খেললেন আর্লিং হাল্যান্ড, কেভিন ডি ব্রুইনা, জ্যাক গ্রিলিসরা। তবে যার কথা না বললেই নয়, তিনি ম্যানচেস্টার সিটির বার্নার্দো সিলভা। এদিন শুধু জোড়া গোলই নয়, গোটা দলকে খেলালেন এই পর্তুগিজ মিডফিল্ডার। বাকি দুটি গোল করলেন ম্যানুয়েল আকাঞ্জি ও জুলিয়েন আলভারেজ।

ম্যাচের মাত্র ১৩ মিনিটে গ্রিলিসের ক্রস থেকে দুরন্ত হেড করেছিলেন হাল্যান্ড। কিন্তু রিয়েল গোলরক্ষক কুর্তোয়া ও ডিফেন্ডার আলাবার যৌথ প্রচেষ্টায় কোনও রকমে সে যাত্রায় রক্ষা পায় রিয়েল। ম্যাচের ২১ মিনিটে ফের রিয়েলের অবধারিত পতন রোধ করেন কুর্তোয়া। যদিও বেশিক্ষণ সুরক্ষিত থাকেনি রিয়েলের গোল মুখ। ম্যাচের ২৩ মিনিটে ডি ব্রুইনার পাস থেকে দুরন্ত গোল করে সিটিকে এগিয়ে দেন বার্নার্দো সিলভা। এরপর আকাশী জার্সিধারীদের একের পর এক আক্রমণ আছড়ে পড়তে থাকে রিয়েল বক্সে। ম্যাচের ৩৭ মিনিটে ফের গোল করে দলের ব্যবধান ২-০ করেন সিলভা। ম্যাচের প্রথমার্ধের বেশির ভাগ সময় রিয়ালকে মাঠে খুঁজেই পাওয়া গেল না। প্রায় ৮০ শতাংশ বল ছিল সিটির ফুটবলারদের দখলে। একা কুম্ভ হয়ে রিয়েল গোলরক্ষক দুর্গ না আগলালে এদিন প্রথমার্ধেই লজ্জায় পড়তে হত চতুর্দশ বারের চ্যাম্পিয়ন্স লিগ বিজেতাদের।

রিয়েল সমর্থকরা ভেবেছিলেন দ্বিতীয়ার্ধে খেলায় ফিরবে তাঁদের প্রিয় দল। দ্বিতীয়ার্ধে ম্যাচের ব্যবধান কমানোর সুযোগ পেয়ে যায় রিয়েল। কিন্তু গোলরক্ষক এডেরসনের তৎপরতায় রেহাই পায় সিটি শিবির। ম্যাচের ৭৬ মিনিটে ফের রিয়েলের জালে বল জড়ায় ম্যানচেস্টার সিটি। ডি ব্রুইনার ফ্রিকিক থেকে গোল করেন ডিফেন্ডার ম্যানুয়াল আকাঞ্জি। ম্যাচের সংযুক্তি সময়ে রিয়েলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা জুলিয়েন আলভারেজ।

এই জয়ের ফলে দ্বিতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার ছাড়পত্র পেল ম্যানচেস্টার সিটি। শুধু তাই নয় চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের একটি পর্বের খেলায় এটিই অন্যতম সব থেকে বড় ব্যবধানে জয়। আগামী ১১ জুন তুরস্কের আতার্টাক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে গুয়ার্দিওলা ব্রিগেড।

About Post Author