স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ মে: আগামী মরশুমের দল গোছানোর কাজে আরও একধাপ এগিয়ে গেল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের চতুর্থ বিদেশী হিসেবে দলে নেওয়া হল ওড়িশা এফসির মিডফিল্ডার সল ক্রেসপোকে। সূত্রের খবর, একবছরের চুক্তিতে এই স্প্যানিশ মিডফিল্ডারকে চূড়ান্ত করেছেন ক্লাব কর্তারা। এনিয়ে স্প্যানিশ কোচ ও সহকারী কোচের পর, তৃতীয় স্প্যানিশ ফুটবলারকে দলে নিচ্ছে লাল হলুদ।
আরও পড়ুন লখনউকে মাটিতে শুইয়ে আকাশ ছুঁল মুম্বাইয়ের আকাশ

ইস্টবেঙ্গলের হোম জার্সির সঙ্গে মিল রয়েছে স্পেনের জাতীয় ফুটবল দলের হোম জার্সির। দুটিরই রং লাল-হলুদ। আর এই রং-এর টানে অনেক ইস্টবেঙ্গল সমর্থক, আন্তর্জাতিক ফুটবলে স্পেনকে সমর্থন করেন। যদিও স্পেনকে সমর্থনের জন্য শুধু রং-ই নয়, স্পেনের দৃষ্টি নন্দন ফুটবলেরও অবদান রয়েছে। শেষ দুই দশকে ফুটবলের নান্দনিকতাকে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন রামোস, জাভি, ইনিয়েস্তারা। নিখুঁত পাসে বিপক্ষকে নাস্তানাবুদ করা থেকে ক্ষুরধার ফুটবল মস্তিষ্ক এসবে বর্তমানে স্প্যানিশ ফুটবলের জুড়ি মেলা ভার। একটা সময়ে বিশ্ব ফুটবলে ব্রাজিলের যে রমরমা ছিল, এখন সেটা খানিকটা রয়েছে স্পেনের। উন্নয়নশীল দেশগুলিতে তাই সাম্প্রতিক অতীতে স্প্যানিশ ফুটবলারদের বারবাড়ন্ত চোখে পড়ছে। ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলও এর ব্যতিক্রম নয়।

অতীতে আইএসএলে বিভিন্ন ক্লাব স্পেনের ফুটবল দর্শনে ভরসা রেখেছেন। পরিসংখ্যান বলছে বিগত মরশুমগুলিতে মোট ৬ জন কোচ ভারতীয় ফুটবলের সর্বোচ্চ খেতাব আইএসএল জয়ের স্বাদ পেয়েছেন। এদের মধ্যে চারজনই স্পেনের। ফলে স্পেনের ফুটবল দর্শনে আস্থা রেখে যে ক্লাবগুলির লাভ হয়েছে এটা আর বলার অপেক্ষা রাখেনা। এবার সেই পথ অনুসরণ করতে চলেছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যে কোচ হিসেবে কার্লেস কুয়াদ্রাতোকে নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি সহকারী হিসেবে ঘোষণা করা হয়েছে দেলগাডোকে। এই দুজনেই আবার স্প্যানিশ। এছাড়াও হায়দরাবাদ এফসি থেকে তুলে নিয়েছে স্প্যানিশ জুটি জেভিয়ার সিভেরিয়ো এবং বোরহা হেরেরাকে। এবার তৃতীয় স্প্যানিশ ও চতুর্থ বিদেশী হিসেবে চূড়ান্ত করা হল ওড়িশা এফসির স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপোকে। সূত্রের খবর, একবছরের মৌখিক চুক্তিতে ইতিমধ্যে সম্মতি জানিয়েছেন ক্রেসপো।

আরও পড়ুন সবুজ মেরুন জার্সি ঘিরে আবেগ ও সংঘাত
এই ফুটবলারের জন্ম স্পেনের পনফেরাদায়। স্থানীয় ক্লাব থেকেই পেশাদারী ফুটবলে হাতে খড়ি। লা লিগার দ্বিতীয় ডিভিশনে ৫৫টি ম্যাচে খেলেছেন এই ফুটবলার। কোপা দেল রে তে ৯টি ম্যাচ খেলেছেন। গত বছর ওড়িশা এফসি তাঁকে সই করায়। ওড়িশার হয়ে আইএসএল, সুপার কাপ ও ডুরান্ড মিলিয়ে খেলেছেন মোট ২৬ টি ম্যাচ। সেন্ট্রাল মিডফিল্ডার হয়েও করেছেন তিনটি গোল। সতীর্থদের গোলও করিয়েছেন। ম্যাচ রিডিং, বল রিকভারি, পাসিং, ড্রিবলিং-সহ একাধিক বিষয়ে পারদর্শী ২৭ বছরের এই মিডফিল্ডার। স্প্যানিশ ব্রিগেডের ক্লাবে যোগদান আগামী মরশুমে লাল হলুদকে শক্তিশালী হবে বলেই মনে করছে ফুটবল মহল। তিন বছরের ব্যর্থতা ঝেড়ে নতুন উদ্যমে ফের ভারতীয় ফুটবলে নিজেদের আধিপত্য বিস্তারই যে এখন লক্ষ্য সদ্য শতবর্ষে পা দেওয়া ক্লাবটির কাছে।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?