Home » বেঙ্গালুরু এফসি ছাড়লেন তারকা ফুটবলার, এবার লাল-হলুদের পথে?

বেঙ্গালুরু এফসি ছাড়লেন তারকা ফুটবলার, এবার লাল-হলুদের পথে?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ মে: ভারতীয় দলবদলের বাজারে বড়সড় চমক। বেঙ্গালুরু এফসি ছাড়লেন উদান্তা সিং। প্রায় এক দশক নীল জার্সিতে খেলেছেন এই মণিপুরী উইঙ্গার। জিতেছেন ভারতের সব বড় টুর্নামেন্ট। তবে এবার আর পুরনো ক্লাবে নয়, জীবনের নতুন অভিযানের মুখে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল সেনসেশন।

উদান্তার ফুটবল জীবনের হাতেখড়ি ২০১০ সালে টাটা ফুটবল অ্যাকাডেমী থেকে। ২০১৪ সালে সেখান থেকেই বেঙ্গালুরু এফসিতে যোগদান করেন তিনি। ওই বছরের অক্টোবরে ডুরান্ড কাপে মহামেডানের বিরুদ্ধে অভিষেক। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শেষ একদশকে আই লিগ, ফেডারেশন কাপ, ডুরান্ড কাপ, সুপার কাপ, আইএসএল প্রায় সব খেতাবই জিতেছে বেঙ্গালুরু এফসি। সেই অপ্রতিরোধ্য দলের অন্যতম নির্ভরযোগ্য সদস্য ছিলেন উদান্তা। চোরাগতি, ক্রসিং, দূরপাল্লার শটে পারদর্শিতার জন্য দ্রুতই ফুটবল মহলের চোখে পড়েন তিনি। ২০১৬ সালে এএফসি কাপের ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল বেঙ্গালুরু। সুনীলদের সেই সাফল্যের পিছনেও অনেকটা অবদান ছিল তাঁর।

২০১৭ মরশুমটি উদান্তার পেশাদারী ফুটবল জীবনের জন্য খুব উল্লেখযোগ্য। কারণ সেবছর ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালিস্ট বেঙ্গালুরু এফসি। সেই মরশুমে নীল জার্সিতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন উদান্তা সিং। ১ টি গোল ও ৭ টি অ্যাসিস্ট করেন তিনি। এরপরের মরশুমে ব্যাঙ্গালুরুর আইএসএল ট্রফি জয়েও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। ব্লু’জ সমর্থকরা ভালোবেসে তাঁকে নাম দিয়েছেন ফ্লাশ। ক্লাবের পাশাপাশি দেশের জার্সি গায়েও নিয়মিত খেলেছেন ২০১৬ সাল থেকে। এই দুরন্ত গতি সম্পন্ন ফুটবলারটির পরিষেবা পেতে একাধিক বার চেষ্টা করেছে ভারতের অন্যান্য বড় ক্লাবগুলি। তবে বড় ক্লাবের বড় অঙ্কের প্রস্তাব প্রত্যাখ্যান করে ব্যাঙ্গালুরুর প্রতি অনুগত থেকেছেন উদান্তা। যার জন্য এই প্রজন্মের বাকি ফুটবলারদের থেকে নিজেকে পৃথক করেছেন এই মণিপুরী ফুটবলার।

আরও পড়ুন   তীব্র দাবদাহ শেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল তিলোত্তমা

কিন্তু গত কয়েক মরশুমে ধারাবাহিকতার অভাবে ভুগছিলেন তিনি। সমস্যা হচ্ছিল ব্রিটিশ কোচ সাইমন গ্রেসনের দলের সঙ্গে মানিয়ে নিতেও। শেষ পর্যন্ত দীর্ঘদিনের এই ফুটবলারের সঙ্গে বিচ্ছেদের পথেই হাঁটল ক্লাব। বৃহস্পতিবার একটি ট্যুইটে লেখা হয়েছে, “ভাষা খুঁজে পাচ্ছি না। তাই আমরা খুব সরল ভাষায় জানাচ্ছি। নয় বছরের স্মৃতির জন্য ধন্যবাদ। ফ্ল্যাশ তোমাকে আমরা মিস করব।” এরপর থেকে শুরু হয় জল্পনা। তাহলে কোন ক্লাবে যোগ দেবেন তিনি? উদান্তা যখন বেঙ্গালুরুর হয়ে মাঠে ফুল ফোটাচ্ছেন তখন বেঙ্গালুরুর কোচ কার্লেস কুয়াদ্রতো। সেই দলে ছিলেন দিমাস দেলগাডো। এবার এই জুটিই ইস্টবেঙ্গল ক্লাবের হট সিটে। তাই জল্পনা তৈরি হয় তাহলে পুরনো শিষ্যকে দলে টানতে চাইবেন কুয়াদ্রতো। যদিও সূত্রের খবর ব্যাঙ্গালুরু ছেড়ে গোয়া এফসির পথে যাবেন এই ২৬ বছরের উইঙ্গার।

About Post Author