Home » এশিয়া কাপ হকিতে ইতিহাস! পাকিস্তানকে হারিয়ে নয়া নজির ভারতের

এশিয়া কাপ হকিতে ইতিহাস! পাকিস্তানকে হারিয়ে নয়া নজির ভারতের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ জুন: যেকোনো খেলায় ভারত পাকিস্তান দ্বৈরথ মানেই আলাদা একটা উত্তেজনা। এবার জুনিয়র হকি এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। ওমানে আয়োজিত ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে শেষ হাসি হাসল ভারতের ছোটোরা। প্রথম কোয়ার্টারে ১৩ মিনিটে অঙ্গদ বীর সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় কোয়ার্টারে ভারতের হয়ে ব্যবধান বাড়ান আরাইজিৎ। পাকিস্তানের হয়ে একটি গোল শোধ করেন আব্দুল বাশারত।

এদিন ভারতের গোলকিপারের তৎপরতায় ম্যাচে সমতা ফেরাতে পারেনি পাকিস্তান। এনিয়ে চতুর্থবার জুনিয়র এশিয়া কাপে জয় পেল ভারত। এর আগে ২০০৪,২০০৫, ২০১৫ সালে ছোটদের এশিয়া কাপ হকিতে সেরা হয়েছিল ভারত। এরপর প্রায় আট বছর পর ফের এশিয়া সেরা হল ভারতের আগামী প্রজন্মের হকি খেলোয়াড়রা। আর অপরদিকে মোট তিনবার এই খেতাব জিতেছে পাকিস্তানের ছোটরাও। শেষবার ১৯৯৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।

আরও পড়ুন   প্রায় একদশক পর আইসিসির ট্রফি জিততে মরিয়া ভারত, দুই দলের কাছে জেতার সুযোগ ৫০-৫০, দাবি হেডেনের

আরও পড়ুন   সফল অস্ত্রোপচার ‘ক্যাপ্টেন কুলের’, আরও একটি আইপিএল খেলার প্রার্থনা ভক্তদের

এর আগে ২০১৫ সালে মালয়েশিয়ায় এই ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেবারও ভারতের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল তাঁদের। এদিন যেন আট বছর আগের সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। এতদিন সব থেকে বেশিবার জুনিয়র এশিয়া কাপ হকি জয়ের রেকর্ড যুগ্মভাবে ছিল ভারত ও পাকিস্তানের দখলে। কিন্তু এই জয়ের ফলে পাকিস্তানকে টপকে গেল ভারত। হকি ইন্ডিয়া বোর্ডের পক্ষ থেকে এই সাফল্যের জন্য প্রত্যেক খেলোয়াড়কে ২ লক্ষ টাকা এবং দলের সহকারী সদস্যদের ১ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।

About Post Author