Home » ইস্টবেঙ্গলের নজরে অস্ট্রেলিয়া লিগের তারকা ডিফেন্ডার

ইস্টবেঙ্গলের নজরে অস্ট্রেলিয়া লিগের তারকা ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ জুন: দলবদলের বাজারে আবার সক্রিয় ইস্টবেঙ্গল। এবার অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলা রুওন টঙ্গিককে নিয়ে শুরু হল জল্পনা। ক্লাব সূত্রের দাবি, এই ২৬ বছরের অস্ট্রেলিয়া লিগের তারকা ডিফেন্ডার পেতে আগ্রহী দল। ইতিমধ্যে নতুন কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন কার্লেস কুয়াদ্রাতো। যিনি বেঙ্গালুরু এফসির হয়ে ইন্ডিয়ান সুপার লিগ জিতেছেন। এছাড়াও প্রাক্তন বেঙ্গালুরু এফসির তারকা ফুটবলার ও কুয়াদ্রাতোর প্রাক্তন ছাত্র দিমাস দেলগাডোকে সহকারী কোচ করেছে লাল হলুদ। কোচের পরামর্শে দলে নেওয়া হয়েছে তিন তারকা স্প্যানিশ ফুটবলারকে। ক্লেইটনের সঙ্গে জুটি বাঁধার জন্য নেওয়া হয়েছে ফরওয়ার্ড হায়দরাবাদ এফসি থেকে নেওয়া হয়েছে জ্যাভিয়ার সিভেরিয়োকে। আর মাঝমাঠে দলের আক্রমন ভাগকে মজবুত করার জন্য নেওয়া হয়েছে হায়দরাবাদে সিভেরিয়োর সতীর্থ বোরহা হেরেরাকে। এছাড়াও ওড়িশা এফসি থেকে নেওয়া হয়েছে সল ক্রেস্পোকে। সব মিলিয়ে ইতিমধ্যে চার বিদেশী নিশ্চিত করেছে লাল হলুদ ব্রিগেড।

আরও পড়ুন    জেলায় জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা

এখন পঞ্চম ও ষষ্ঠ বিদেশীর সন্ধানে ক্লাব। ক্লাব সূত্রের খবর দুজন ডিফেন্ডারের সন্ধানে রয়েছে ক্লাব কর্তারা। যদিও বিদেশী নিয়োগের ক্ষেত্রে একটি সমস্যা দেখা দিয়েছে । কারণ, এশিয়া কোটার বিদেশী হিসেবে গত মরশুমে ইস্টবেঙ্গল যোগ দেন ইভান গঞ্জালেজ। এই ফুটবলারের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করে ক্লাব। তবে মাঠে তাঁর পারফরম্যান্স খুশি করতে পারেনি ক্লাব কর্তা থেকে সমর্থকদের। গত আইএসএলে অনেক ম্যাচে গোল দিয়ে এগিয়ে গেলেও পরে গোল হজম করতে হয়েছে ইস্টবেঙ্গলকে। অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে এগিয়ে গিয়েও তিন পয়েন্ট ফেলে আসতে হয়েছে। তাই এই বিদেশীকে একপ্রকার বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু চুক্তির পুরো অর্থ না নিয়ে ক্লাব ছাড়তে রাজি নন ইভান। এখন ইভানের সঙ্গে যদি ক্লাবের চুক্তি জটিলতা কেটে যায় সেক্ষেত্রে নতুন দুই বিদেশী ডিফেন্ডারকে সই করাবে ক্লাব।

সূত্রের খবর, ক্লাবের নজরে রয়েছে অস্ট্রেলিয়ার ডিফেন্ডার রুওন টঙ্গিক। অস্ট্রেলিয়া লিগে নজর কেড়েছেন ২৬ বছরের ফুটবলারটি। অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেললেও তাঁর জন্ম সুদানে। মাত্র ৬ বছর বয়সে চলে আসেন অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়া লিগে প্রায় ৮ টি দলে খেলার অভিজ্ঞতা রয়েছে টঙ্গিকের। সেই তালিকায় রয়েছে অ্যাডিলেড ইউনাইটেড, মেলবোর্ন সিটি, ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্স, ব্রিসবেন রোর, সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের মত প্রথম সারির ক্লাবে নাম।যদিও গত জানুয়ারি মাসে তাঁর বর্তমান ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্স থেকে লোনে সই করেছেন ইরানের ক্লাব মেস কারমানে।

আরও পড়ুন    বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৩

পাশাপাশি অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়েও খেলেছেন টঙ্গিক। এই অভিজ্ঞ ফুটবলারকে দলে পেতে ইস্টবেঙ্গলকে খরচ করতে হবে প্রায় আড়াই কোটি টাকা। তবে রুওনকে দলে নেওয়ার ব্যাপারে বাঁধ সাধছে ভারতের মাটিতে খেলা অস্ট্রেলিয়ার প্রাক্তন ফুটবলারদের রেকর্ড। কারণ বেশির ভাগ সময় দেখা গিয়েছে ভারতের পরিবেশের সঙ্গে তাঁরা মানিয়ে নিতে পারেননা। সেই কথা মাথায় রেখে মধ্যপ্রাচ্যের এক ফুটবলারের সঙ্গেও কথাবার্তা চালাচ্ছে ক্লাব। এখন আগামী দিন লাল হলুদ রক্ষণে কোন দুই বিদেশীকে দেখা যাবে তার উত্তর মিলবে সময়ে।

About Post Author