Home » ফের পুরনো ভূমিকায় বাংলার মহারাজ

ফের পুরনো ভূমিকায় বাংলার মহারাজ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ জুন: ফের নিজের পুরনো ভূমিকায় ফিরছেন বাংলার মহারাজ। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ধারাভাষ্যকরের ভূমিকায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ ছাড়াও এই ধারাভাষ্যর বক্সে থাকবেন রিকি পন্টিং, ম্যাথু হেডেন, রবি শাস্ত্রী, হরভজন সিংয়ের মত প্রাক্তন ক্রিকেটারেরা। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপর ইংল্যান্ডের দ্য ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। দ্বিতীয়বারের জন্য এই ট্রফির ফাইনালে ভারত। আর এই ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে দুটি দল।


ম্যাচ শুরুর কিছুদিন আগে ভারতীয় সমর্থকদের জন্য সুসংবাদ। এবার আইসিসি আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে ধারাভাষ্য দিতে শোনা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ক্রিকেটকে বিদায় জানানোর পর দীর্ঘদিন মাইক হাতে ধারাভাষ্য দিতে শোনা গিয়েছে বাংলার মহারাজকে। মাইক হাতে প্রাক্তন ভারত অধিনায়কের দক্ষতাও নজর কেড়েছে। তারপর ক্রিকেট প্রশাসকের দায়িত্ব সামলিয়েছেন দীর্ঘদিন।

সদ্য সমাপ্ত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টরের ভূমিকায়ও দেখা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। যদিও সেই স্মৃতি খুব একটা সুখকর হয়নি। এবার আবার নিজের পুরনো ভূমিকায় দেখা যাবে বাংলার মহারাজকে। জানা গিয়েছে, হিন্দি ধারাভাষ্যকার হিসেবে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ছাড়াও এই দলে থাকবেন একদা জাতীয় দলে তাঁর সতীর্থ হরভজন সিং, দীপ দাশগুপ্ত, শ্রীসন্থের মত তারকারা।

আরও পড়ুন      ইস্টবেঙ্গলের নজরে অস্ট্রেলিয়া লিগের তারকা ডিফেন্ডার

অপরদিকে, ইংরেজি ধারাভাষ্যকার হিসেবে থাকবেন রিকি পন্টিং, ম্যাথু হেডেন, কুমার সাঙ্গাকারা, জাস্টিন ল্যাঙ্গার, নাসির হুসেনকে। এছাড়াও ভারতের হয়ে থাকবেন দীনেশ কার্তিক, হর্ষ ভোগলে ও রবি শাস্ত্রী। আইসিসির আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জয়ের জন্য বাইশ গজে লড়াই হবে রোহিতদের সঙ্গে প্যাট কামিন্সদের। আর মাঠের বাইরে মাইক হাতে লড়বেন দুই দেশের এক সময়কার মহারথীরা। সব মিলিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যে এক অন্য মাত্রা পেতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা।

About Post Author