স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ জুন: বিগত কয়েকদিন বিশ্ব ফুটবলের নজর ছিল তাঁর উপর। তিনি ফুটবলের রাজপুত্র লিওনেল আন্দ্রেস মেসি। সদ্য প্যারিস পর্ব শেষ করে মার্কিন ক্লাব ইন্টার মিয়ামিতে নাম লিখিয়েছেন এলএমটেন। যদিও পিএসজি ছাড়ার পর, মেসিকে দলে পেতে অল আউট ঝাঁপায় তাঁর প্রাক্তন ক্লাব বার্সেলোনা। মেসি নিজেও আগ্রহী ছিলেন স্পেনে ফিরতে। এমনকী শেষ কয়েকদিন তাঁকে প্যারিসের থেকেও বেশি দেখা যাচ্ছিল বার্সেলোনায়। কখনও পুরনো ক্লাব বার্সেলোনার ম্যাচ দেখতে, তো কখনো ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টে। এমনকী মেসির প্রতি যে এখনও তাঁদের ভালোবাসা অক্ষুন্ন তাঁর উদাহরণ দিয়েছিল বার্সা সমর্থকরা।

লা লিগার ম্যাচে বার্সেলোনা মাঠে নামলে গ্যালারিতে মেসির নামে জয়ধ্বনি শোনা গিয়েছিল। সব মিলিয়ে মেসির বার্সেলোনায় যোগ দেওয়া হয়ে উঠেছিল স্রেফ সময়ের অপেক্ষা। যদিও চুক্তি জটিলতার কারণে পুরনো ক্লাবে ফেরা হল না লিওনেল মেসির। ইউরোপীয় সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সায় না ফেরা নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনার মহাতারকা। তিনি বলেছেন, “সত্যিই আমি বার্সেলোনায় ফিরতে চেয়েছিলাম। বার্সায় ফিরতে পারবো এটা ভেবে রোমাঞ্চিত ছিলাম। তবে, অতীতের অভিজ্ঞতার পুনরাবৃত্তি হোক চাইনি। তাই বার্সায় না ফেরার সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজের ভবিষ্যৎ অন্য কারোর হাতে দেখতে চাইনি।”
আরও পড়ুন জল্পনা শেষ! বেকহ্যামের ক্লাবেই মেসি

পাশাপাশি তিনি আরও বলেন, “পরিবারের কথা চিন্তা করেই আমার এই সিদ্ধান্ত। শুনেছি, লা লিগা আমার বার্সায় ফেরার যাবতীয় শর্ত মেনে নিয়েছিল। কিন্তু এগুলি ছাড়াও অনেক কিছু ছিল। আমিও শুনেছিলাম যে, আমাকে নেওয়ার জন্য বার্সা অনান্য অনেক প্লেয়ারদের ছেড়ে দিতে পারে বা বেতন কমিয়ে দিতে পারে। আমি এই পরিস্থিতিতে ফিরতে চাইনি। নিজের পুরনো ক্লাব, অনেক স্মৃতি রয়েছে, ফিরতে পারলে ভালো লাগতো। তবে আমি নিজের সিদ্ধান্তে খুশি।” যদিও বার্সেলোনায় তাঁর যোগদান না করার পিছনে কাজ করেছে অর্থ।

আরও পড়ুন জল্পনায় সিলমোহর, রোনাল্ডোর পড়শি ক্লাবেই করিম বেঞ্জেমা
এই দাবিকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে মেসি বলেছেন,”আমাদের আর্থিক চুক্তির বিষয়ে কোনো কথা হয় নি। বার্সেলোনার ইচ্ছে ছিল আমাকে ফেরানোর কথাটা ঠিক। কিন্তু আমাকে নেওয়ার জন্য সঠিক কোনো চুক্তি তাঁরা করতে পারেনি। যদি অর্থ আসল হত তাহলে সৌদির ক্লাবে সই করতাম।” ভবিষ্যতে কি মেসিকে বার্সেলোনায় প্রত্যাবর্তন করতে দেখা যাবে? এই প্রশ্নের উত্তরে মেসি জানিয়েছেন,”আমি সঠিকভাবে বলতে পারব না। তবে আমি চাই একদিন বার্সায় ফিরতে। কারণ ওখান থেকে অনেক কিছু পেয়েছি। বিশেষ করে সমর্থকদের থেকে যে ভালোবাসা পেয়েছি। আমি চাই বার্সেলোনায় কিছুটা অবদান রাখতে।”


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার