Home » জল্পনা শেষ! বেকহ্যামের ক্লাবেই মেসি

জল্পনা শেষ! বেকহ্যামের ক্লাবেই মেসি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ জুন: দীর্ঘদিনের জল্পনার অবসান। প্যারিসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবার আমেরিকার পথে বর্তমান ফুটবলের অন্যতম পোস্টার বয় লিওনেল মেসি। আমেরিকার লিগ মেজর লিগ সকারেই আগামী মরশুমে দেখা যাবে এই আর্জেন্টাইন মহাতারকাকে। বিপুল পরিমাণ আর্থিক প্যাকেজে ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মিয়ামির পথে লিও।


মেসি যে প্যারিসে আর বেশি দিন থাকবেন না আগেই টের পাওয়া গিয়েছিল। বিভিন্ন কারণে ফরাসি ক্লাবের সঙ্গে লিও-র সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। যত সময় গড়িয়েছে সেই সম্পর্কের আরও অবনতি ঘটেছে। এই সুযোগে মেসিকে ফের স্পেনে ফেরাতে তৎপর হয় তাঁর পুরনো ক্লাব বার্সেলোনা। বার্সেলোনা সভাপতি লাপোর্তা মেসির পিতৃদেব, যিনি আবার তাঁর ফুটবল এজেন্টও, তাঁর সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। এমনকি দীর্ঘদিন কাটানো ক্লাবে ফেরার অভিপ্রায়ের কথা অস্বীকার করেননি লিও।

মেসিকে এবার সই করাতে হলে তাঁর সাপ্তাহিক পারিশ্রমিকের প্রায় পঞ্চাশ শতাংশ কাটতে হত বার্সাকে। কারণ ক্লাবের আর্থিক অবস্থা স্থিতিশীল নয়। এই প্রস্তাবে রাজি ছিলেন খোদ লিও। তবে বার্সেলোনার ক্ষেত্রে মেসিকে দলে নেওয়ার পথে প্রধান অন্তরায় হয় স্পেনের কর্মসংস্থান আইন। কারণ এই আইন অনুসারে স্পেনের কোনও কর্মজীবী মানুষের বেতন একধাক্কায় অর্ধেক করা অপরাধ। আর এই আইন না মানলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারত ক্লাব। সেই কারণে ক্লাবের স্বার্থে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে নেওয়া হল না বার্সেলোনার।

আরও পড়ুন   তুরস্কে রাষ্ট্রনেতার পোস্টারে গোঁফ এঁকে শ্রীঘরে কিশোর

শুধু বার্সাই নয় হাজার হাজার কোটি টাকার প্রস্তাব দেওয়া হয় সৌদি আরবের ক্লাব থেকেও। সৌদি আরবের ক্লাব আল হিলাল তাঁকে প্রস্তাব দেয়। আল হিলাল ক্লাবের প্রবল প্রতিপক্ষ আল নাসেরে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শেষ এক দশকে এই দ্বৈরথ ফুটবল ময়দানের অন্যতম চর্চার বিষয় ছিল। আরও একবার সেই দ্বৈরথের সুযোগ তৈরি হয়েছিল। তবে সেই বিপুল অঙ্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেন লিও।

সাম্প্রতিক সময়ে মেসি বলেছিলেন, আমেরিকায় খেলে তিনি ফুটবল জীবন শেষ করতে চান। এই সুযোগ কে কাজে লাগিয়ে মেসিকে দলে পেতে আসরে নামে আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামি। প্রাক্তন ইউনাইটেড তারকা ডেভিড বেকহ্যামের ক্লাবের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় মেসিকে। দীর্ঘ দিন চেষ্টা করে অবশেষে বিশ্বে অন্যতম সেরা ফুটবলারকে নিজেদের দলে পেতে সফল হল ইন্টার মিয়ামি। এখন আমেরিকায় মেসির নতুন ইনিংস দেখার অপেক্ষায় আপামর মেসি ভক্তরা।

About Post Author