Home » দলবদলের বাজারে ‘ওস্তাদের মার’ মোহনবাগানের, সবুজ মেরুনে দেশের অন্যতম সেরা ফুটবলার

দলবদলের বাজারে ‘ওস্তাদের মার’ মোহনবাগানের, সবুজ মেরুনে দেশের অন্যতম সেরা ফুটবলার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ জুন: কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে। মোহনবাগানের চলতি মরশুমের দলগঠনেও কি সেরকমই কিছু ঘটতে চলেছে? সব কিছু ঠিকঠাক থাকলে জাতীয় দলে নিয়মিত খেলা এক নামী ফুটবলারকে সই করাতে চলেছে গত বছরের ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়নরা একদিকে গতবারের দলকে ঢেলে সাজাচ্ছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যে বেশ কিছু ফুটবলারকে সই করিয়ে চমক দিয়েছে লাল-হলুদ শিবির। সেখানে মোহনবাগানের আগামী মরশুমের দলগঠনে সেই ঝাঁঝ চোখে পরছে না। যদিও নতুন করে মোহনবাগানের যে অনেক ফুটবলারের দরকার রয়েছে, এমনটাও নয়। গতবারের চ্যাম্পিয়ন দলের গুরুত্বপুর্ন সদস্যদের দলে রাখা হয়েছে। সেই তালিকায় বিদেশীদের পাশাপাশি রয়েছে দেশীয় ফুটবলাররা। এবার তাদের লক্ষ্য সেই দলের শক্তি আরও কিছুটা বাড়িয়ে নেওয়া।

আরও পড়ুন    ‘পঞ্চায়েত ভোটে সিভিক ভলান্টিয়ার ও শিক্ষকরা নয়’, প্রাথমিক পর্যবেক্ষণ হাইকোর্টের

এরই মধ্যে মোহন জনতার স্নায়ু চাপ বাড়িয়ে দিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি। মোহন অধিনায়ক প্রীতম কোটালকে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে কেবিএফসি। এছাড়াও আইএসএল জয়ী মোহন অধিনায়ককে, অধিনায়কের আর্মব্যান্ড ও প্রথম দলে নিয়মিত খেলার সুযোগের আশ্বাসও দেওয়া হয়েছে ক্লাবটির পক্ষ থেকে। মোহনবাগানের জার্সি গায়ে প্রীতমের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে কেরালা।

আগামী তিন বছরের জন্য চুক্তি পাকা করতে চাইছে তারা। যদি মোহনবাগান ও প্রীতম দু’পক্ষ কেরালার প্রস্তাবে রাজি হয় সেক্ষেত্রে আগামী মরশুমে কেরালা ব্লাস্টার্সে দেখা যাবে প্রীতম-প্রবীর বঙ্গ জুটিকে। অপরদিকে, প্রীতমের পরিবর্তে দলের তরুণ সেন্টার ব্যাক হর্মিপাম রুইভাকে মোহনবাগানে ছাড়বে কেরালা। যদিও কলকাতার ক্লাবের দাবি, প্রীতমের পরিবর্তে রুইভার পাশাপাশি সামাদকেও ছাড়তে হবে কেরালাকে। এখন দেখার দক্ষিণ ভারতের ক্লাবটি মোহনবাগানের এই প্রস্তাবে সায় দেয় কিনা।

প্রথমে শোনা গিয়েছিল, হায়দরাবাদ এফসির তরুণ প্রতিভাবান লেফট ব্যাক আকাশ মিশ্রকে দলে নিতে পারে মোহনবাগান। সূত্রের খবর, আকাশকে নবাবের শহর থেকে গঙ্গা পাড়ের ক্লাবে আনতে রেকর্ড অর্থের প্রস্তাবের কথা চিন্তা ভাবনা করেছিল মোহনবাগান কর্তৃপক্ষ। তবে, জাতীয় দলের এই তরুণ ফুটবলারটি মোহনবাগানে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেননি। যা খবর, তাতে তিনি মুম্বই সিটি এফসির পথে পা বাড়িয়ে রয়েছেন। আর মোহনবাগানও আকাশের প্রতীক্ষা ছেড়ে ভরসা রেখেছে ঘরের ছেলে শুভাশিস বসুর উপর।

আরও পড়ুন   আজই বানিয়ে ফেলুন বিখ্যাত গোলবাড়ির স্টাইলের মটন কষা

যদিও এসবের মধ্যে ময়দানে এবার জোর গুঞ্জন। আগামী মরশুমে মোহনবাগান শিবিরে নাম লেখাতে চলেছেন দেশের অন্যতম সেরা প্রতিভাবান মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা। সূত্রের খবর, চেন্নাইয়ান এফসির এই সেন্ট্রাল মিডফিল্ডারের সঙ্গে মৌখিক কথাবার্তা অনেকটাই পাকা সবুজ মেরুনের। তবে চেন্নাইয়ানের সঙ্গে এখনও একবছরের চুক্তি রয়েছে ফুটবলারটির। সেক্ষেত্রে, অনিরুদ্ধকে মোহনবাগানের জার্সি পরাতে হলে, ট্রান্সফার ফি বাবদ মোটা টাকা খসাতে হবে মোহনবাগানকে। ক্লাব সূত্রে জানা গিয়েছে, এই ট্রান্সফারের অর্থ দিতেও রাজি ক্লাব।

সব কিছু ঠিকঠাক থাকলে, দেশের অন্যতম সেরা মিডফিল্ডারের সঙ্গে দীর্ঘ মেয়াদী পাঁচ বছরের চুক্তি হতে পারে সবুজ মেরুনের। শুধু সবুজ মেরুনই নয় অনিরুদ্ধকে দলে নেওয়ার লড়াইয়ে রয়েছে মুম্বই সিটি এফসিও। ইতিমধ্যে চেন্নাইয়ানের ফুটবলারটির কাছে পৌঁছে গিয়েছে মুম্বইয়ের মোট অঙ্কের প্রস্তাব। তবে সূত্রের দাবি অনিরুদ্ধকে পাওয়ার লড়াইয়ে মুম্বইয়ের ক্লাবটির থেকে বেশ কয়েক কদম এগিয়ে রয়েছে গঙ্গা পারের শতাব্দী প্রাচীন ক্লাব।

About Post Author