Home » একা কুম্ভ হয়েও হল না দুর্গরক্ষা, ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়ের পথে অস্ট্রেলিয়া

একা কুম্ভ হয়েও হল না দুর্গরক্ষা, ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়ের পথে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ জুলাই: ঘটনাবহুল পঞ্চম দিনের সাক্ষী থাকল অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। এজবাস্টনের পর লর্ডসেও ইংল্যান্ডকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। লর্ডসের মাঠে শেষ দিন জেতার জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২৫৭ রান। অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৬ টি উইকেট। ক্রিজে তখনও রয়েছেন দুরন্ত ফর্মে থাকা বেন স্টোকস। সঙ্গী ব্রিটিশ ওপেনার বেন ডাকেট। তখনও ঘরের মাথায় প্রত্যাবর্তনের আশায় ব্রিটিশ সমর্থকরা। কিন্তু ব্রিটিশ সমর্থকদের আশায় জল ঢাললেন অজি পেসার জস হেজেলহুড। ফেরালেন ডাকেটকে।

আরও পড়ুন    ডাহা ফেল আইপিএলের কোটিপতি তারকারা! বিশ্বকাপের ইতিহাসে লজ্জার সাক্ষী ওয়েস্ট ইন্ডিজ

স্টোকস-বেয়ারস্টো জুটির ব্যাটে ভর করে ম্যাচে ঘুরে দাঁড়াতে পারত ইংল্যান্ড। তখন ফের ইংল্যান্ডের ইনিংসে ছন্দপতন। ১০ রানে ব্যাট করছিলেন বেয়ারস্টো। ক্যামরন গ্রিনের শর্ট পিচ বল ডাক করেন বেয়ারস্টো। বল জমা পরে ক্যারির গ্লাভসে। বেয়ারস্টো ভেবেছিলেন বল ডেড হয়ে গিয়েছে। তিনি ক্রিজ ছেড়ে কথা বলতে যান অপরপ্রান্তে দাঁড়িয়ে থাকা স্টোকসের সঙ্গে। সেই সময়ে স্ট্যাম্প ভেঙ্গে দেন ক্যারি। বুঝতেই পারেননি বেয়ারস্টো কি ঘটছে। শুধু বেয়ারস্টো কেন? ঘটনা বুঝতে সময় লাগে মাঠে উপস্থিত দুই আম্পায়ারেরও। দুই আম্পায়ায়র নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে বেয়ারস্টোর ভাগ্য যায় তৃতীয় আম্পায়ারের হাতে।

রিপ্লে দেখে স্ট্যাম্পের নির্দেশ দেন তৃতীয় আম্পায়ার মারিয়াস এরাসমাস। প্যাভিলিয়নের পথ ধরতে হয় অমনোযোগী বেয়ারস্টোকে। এরপর ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারে যারা ছিলেন তাঁরা কেউই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নদের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতে পারলেন না। একা কুম্ভ হয়ে দুর্গ রক্ষের মরিয়া চেষ্টা করে গেলেন বেন স্টোকস। ২০১৯ সালে ঠিক যেরকম অজিদের জয়ের পথে কাঁটা বিছিয়ে দেন ‘বিগ বেন’। তবে সেবার শেষ রক্ষা হলেও এবার আর হলনা। ৯ টি চার ও ৯ টি ছয়ের সাহায্যে খেললেন ২১৪ বলে ১৫৫ রানের ঝকঝকে ইনিংস। একাই প্রায় জিতিয়েই দিয়েছিলেন দলকে।

আরও পড়ুন     দলবদলের বাজারে মোহন শিবিরকে টক্কর! লাল-হলুদের নজরে এ-লিগের ডিফেন্ডার

কিন্তু আবার ইংল্যান্ডের ইনিংসে বাধ সাধেন হেজেলউড। হেজেলউডের বলে স্টোকস ফিরতেই ঠিক হয়ে যায় ম্যাচের ভবিষ্যত। ৩২৭ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। রুদ্ধশ্বাস ম্যাচ ৪৩ রানে জিতে যায় অস্ট্রেলিয়া। ম্যাচ হেরে গেলেও এখনও অ্যাসেজের আশা ছাড়তে নারাজ ইংল্যান্ডের অধিনায়ক বিগ বেন। তাঁর দাবি, এখনও সিরিজে প্রত্যাবর্তন করতে পারে ইংল্যান্ড। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার অশ্বমেধের ঘোড়াকি আটকিয়ে অ্যাসেজ জমাতে পারবে ইংল্যান্ড? উত্তর মিলবে ভবিষ্যতে।

About Post Author