Home » রাজ্যে আসছে বাকি আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

রাজ্যে আসছে বাকি আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

সময় কলকাতা ডেস্ক,৪জুলাই: পঞ্চায়েত মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, অন্তত ৮২ হাজার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। অর্থাৎ কম করে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পঞ্চায়েত ভোটে। হাইকোর্টের নির্দেশের পর মোট ৩৩৭ কোম্পানি বাহিনী পাঠানোর ব্যাপারে সম্মতি দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী নিয়ে চুপ ছিল স্বরাষ্ট্র মন্ত্রক। তবে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চিঠি দিয়ে জানিয়ে দিল, বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাতেও তারা প্রস্তুত। বিষয়টা হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টেও জানিয়েছে কেন্দ্রের আইনজীবী।

উল্লেখ্য, এখনও পর্যন্ত ঠিক রয়েছে যে পঞ্চায়েত ভোট এক দফাতেই হবে। অর্থাৎ এই এক দফা ভোটের জন্যই ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ২০১৩ সালে পঞ্চায়েত ভোটেও ৮২০ কোম্পানি সেন্ট্রাল ফোর্স মোতায়েন হয়েছিল। কিন্তু সেবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মাত্র ২৬০ কোম্পানি বাহিনী পাঠিয়েছিল। যেহেতু ভোটগ্রহণ পাঁচ দফায় হয়েছিল, তাই ওই ২৬০ কোম্পানি বাহিনীকেই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা হয়।

এদিকে, কলকাতা হাইকোর্ট প্রথমে নির্দেশ দিয়েছিল, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করাতে হবে। হাইকোর্টের সেই নির্দেশের পর ২২ জেলার জন্য মাত্র ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কারণ, তখন কমিশন জানিয়েছিল, তাদের হিসাবে স্পর্শকাতর বুথের সংখ্যা মাত্র ১৮৯ টি। সোমবার কলকাতা হাইকোর্টে হলফনামা পেশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। তাতে বলা হয়েছে, পঞ্চায়েত ভোটে মোট বুথের সংখ্যা ৬১,৬৩৬।

আরও পড়ুন   একধাক্কায় স্পর্শকাতর বুথ বাড়ল ২৫ গুণ, হাইকোর্টে রিপোর্ট পেশ করল কমিশন

এর মধ্যে ৭.৮৪ শতাংশ বুথ স্পর্শকাতর। অর্থাৎ স্পর্শকাতর বুথের সংখ্যা ৪৮৩৪। স্বাভাবিকভাবেই প্রশ্ন হল এই যে রাতারাতি স্পর্শকাতর বুথের সংখ্যা বেড়ে গেল, তা কি আদালতের চাপে পড়ে? জবাবে কমিশন এদিন জানায়, যে সময়ে ১৮৯ টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছিল, তা ছিল একেবারে প্রাথমিক মূল্যায়ন। কমিশন তখনই জানিয়েছিল, ডায়ানামিক মেথড ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ পরিস্থিতির প্রতি মুহূর্তে এবং দফায় দফায় মূল্যায়ন চলবে। সর্বশেষ মূল্যায়নে দেখা যাচ্ছে ৪৮৩৪ টি বুথ স্পর্শকাতর। রিপোর্টে কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত যে সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে তাদের মোতায়েন হয়ে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর থাকা, খাওয়া ও পরিবহণের ব্যবস্থাও করা হয়েছে। এ ব্যাপারে কোনও ত্রুটি রাখা হয়নি।

About Post Author