সময় কলকাতা ডেস্ক,৬ জুলাইঃ কলকাতা সহ জেলায় জেলায় বদলাতে শুরু করেছে আবহাওয়া। বুধবার থেকেই কলকাতা সহ বেশকিছু জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবারও রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই মধ্যে বঙ্গোপসাগরে চোখ রাঙাতে শুরু করেছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে শুক্রবার তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এদিকে, গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। ফের জেলায় জেলায় রেকর্ড ভাঙা গরম পড়তে শুরু করেছে। যদিও শুক্রবার থেকেই বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ।

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেলা বাড়তেই বাড়বে তাপমাত্রা। গুমোট আবহাওয়ার জেরে সকাল থেকেই বেড়েছে ভ্যাপসা গরম। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৯ থেকে ৯৮ শতাংশ।

পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, ৮ জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?