Home » এবার কি মোহনবাগানের পথে ভারতীয় ফুটবলের বিস্ময় প্রতিভা সাহাল আব্দুল সামাদ?

এবার কি মোহনবাগানের পথে ভারতীয় ফুটবলের বিস্ময় প্রতিভা সাহাল আব্দুল সামাদ?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ জুলাই: সাহাল আব্দুল সামাদ। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেললেও তাঁর স্ট্রাইকিং এবিলিটি যে ভালো তার প্রমাণ তিনি বারবার দিয়েছেন। সুনীল ছেত্রী পরবর্তী সময়ে ভারতীয় দলে আক্রমণের কাণ্ডারি নাকি তিনি। এমনটাই মত ভারতীয় ফুটবল মহলের একাংশের। সদ্য ভারতের জার্সিতে জিতেছেন ইন্টারকন্টিনেন্টাল কাপ ও সাফ কাপ। ময়দানে জোর জল্পনা সাহাল আব্দুল সামাদ নাকি এবার গঙ্গাপারের ক্লাবে। । বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব কেরালা ব্লাস্টার্সের ফুটবলার সাহাল ।এবার কি ক্লাব বদল করছেন সাহাল?

গত কয়েক মরশুমে কেরালা ও ভারতীয় দলের জার্সিতে দুরন্ত ফুটবল উপহার দিয়েছেন সাহাল। এই মরশুমের দল বদলের বাজারে এই ফুটবলারকে নিজেদের দলে নেওয়ার জন্য যে আগ্রহ তৈরি হবে তার পূর্বাভাস ছিলই। ইন্ডিয়ান সুপার লিগের সব প্রথম সারির ক্লাবই সাহালকে দলে পেতে আগ্রহ প্রকাশ করে। সেই তালিকায় ছিল মুম্বই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসির নাম।

শুধু ভারতীয় ফুটবলই নয় এবার সাহালকে দলে পেতে আগ্রহ দেখায় সৌদি লিগের ক্লাবও। বলা ভালো ৫ফুট ১০ ইঞ্চির  ২৬ বছর বয়সী সাহাল আব্দুল সামাদ জন্মেছিলেন আরব আমিরশাহীতে। মধ্যপ্রাচ্যের সৌদি লিগে বর্তমানে খেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, করিম বেঞ্জেমারা। তবে সূত্রের খবর, এখনই সৌদিতে সাহাল খেলা হচ্ছে না। তবে আগামী মরশুমে কোথায় খেলতে দেখা যাবে ভারতীয় ফুটবলের এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডারকে  ? গুঞ্জন, মোহনবাগান সুপার জায়ান্ট নাকি সেই লড়াইয়ে খানিকটা এগিয়ে রয়েছে।

সাহালের বর্তমান ক্লাব কেরালা ব্লাস্টার্স মোহনবাগানের ঘরের ছেলে প্রীতম কোটালকে দলে চায়। প্রীতমের সঙ্গে নাকি কথাবার্তাও অনেকটা পাকা হয়ে গিয়েছে কেরালার। যদিও এনিয়ে কোনো পক্ষ এখনও মুখ খোলেনি। আর প্রীতমের বদলে সাহালকে দলে চায় সবুজ মেরুন ব্রিগেড। প্রথমে শোনা গিয়েছিল কেরালা ব্লাস্টার্সের তরুণ ডিফেন্ডার হরমিপম রুইয়াকে দলে পেতে আগ্রহী মোহনবাগান। কিন্তু এখন শোনা যাচ্ছে হরমিপাম নয়, মোহনবাগানের নজরে ভারতের উদীয়মান এই ফরওয়ার্ড। সূত্রের খবর রেকর্ড অর্থে সাহালকে দলে নিতে ঝাঁপিয়েছেন মোহনবাগান কর্তারা।

সাহাল মূলত অ্যাটাকিং মিডফিল্ডার, যাকে আক্রমণে ব্যবহার করেন কোচেরা। ইতিমধ্যে তিন বিদেশী ফরওয়ার্ড রয়েছে মোহনবাগানে। যদি সাহাল আব্দুল সামাদ মোহনবাগানে আসেন  তাহলে বাগানের অ্যাটাকিং ফোর্স আরো জোরদার হবে বলাই বাহুল্য।  সাহাল বাগানে এলে এই বিদেশীদের পাশাপাশি নিজেকে প্রথম দলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে দেশের ফুটবল মহল।

About Post Author