Home » হামতের দুরন্ত হ্যাটট্রিক,টালিগঞ্জকে হারাল মোহনবাগান

হামতের দুরন্ত হ্যাটট্রিক,টালিগঞ্জকে হারাল মোহনবাগান

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ জুলাই: পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন। কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচেও দুরন্ত ছন্দে মোহনবাগান। বুধবার ব্যারাকপুর স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামীকে ৫-১ গোলে পরাস্ত করল বাস্তব রায়ের ছেলেরা। দুরন্ত হ্যাটট্রিক করলেন মোহনবাগানের মিজো ফুটবলার লালরিনলিয়ানা হামতে।  দীর্ঘদিন পর কলকাতা লিগে খেলছে মোহনবাগান। যদিও মোহনবাগানের প্রথম দল নয় বরং অ্যাকাডেমি ও রিজার্ভ দলের খেলোয়াড়দের নিয়েই মাঠে নামছে সবুজ মেরুন। লক্ষ্য তৃণমূল স্তরের ফুটবলারদের মানোন্নয়ন। প্রথম দল হোক কিংবা রিজার্ভ দল মোহনবাগান মাঠে নামলে সমর্থকদের মধ্যে উন্মাদনা একই রকম থাকে। যেরকম দেখা গেল ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে। কলকাতা ফুটবল লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল বাস্তব রায়ের প্রশিক্ষণাধীন মোহনবাগান দল। এই ম্যাচে নিজেদের প্রিয় দলের খেলা দেখতে হাজির হয়েছিল সমর্থকরা। রিজার্ভ দল খেললেও এদিন সমর্থকদের নিরাশ করেননি ফুটবলাররা।

আরও পড়ুন   জয়দেব উনাদকট ভারতের প্রথম একাদশে, টেস্ট অভিষেক যশস্বী, ঈশানের

মাত্র ৪ মিনিটে মানস সরকারের করা গোলে এদিন এগিয়ে গিয়েছিল টালিগঞ্জ। শুরুতেই গোল খেয়ে দমে যায়নি নাওরেম, হামতেরা। বরং বারবার প্রত্যাঘাত করতে থাকেন টালিগঞ্জ রক্ষণে। যদিও বেশিক্ষণ নিজেদের দুর্গ অক্ষত রাখতে পারেনি টালিগঞ্জ। ম্যাচের ২৪ মিনিটে দুরন্ত গোল করে মোহনবাগানকে সমতায় ফেরান নাওরেম। টালিগঞ্জের প্রায় ৪ জন ফুটবলারকে অবলীলায় কাটিয়ে দর্শনীয় গোল করেন তিনি। নাওরেমের গোলে মুগ্ধ স্টেডিয়ামে উপস্থিত শতাধিক মোহন সমর্থক। ম্যাচের প্রথমার্ধে আরও সুযোগ তৈরি করেছিল মোহনবাগান, কিন্তু কাঙ্ক্ষিত গোলের সন্ধান না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় ফুটবলারদের।

ফুটবলাররা সেই আক্ষেপ মিটিয়ে নিল দ্বিতীয়ার্ধে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় সবুজ মেরুন। গোলদাতা চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার লালরিনলিয়ানা হামতে। এক্ষেত্রে গোলের পাসটি বাড়িয়েছিলেন প্রথম গোলের নায়ক নাওরেম। পাসিং ফুটবলে এদিন বিপক্ষকে নাস্তানাবুদ করে দেয় সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচের ৫২ মিনিটে ফের গোল পায় মেরিনার্সরা। এবার গোলদাতা সুহেল। ৩-১ গোলে এগিয়ে গিয়েও আগ্রাসী ফুটবল খেলে মোহনবাগান। ফলও মেলে। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোলটি করেন হামতে। গোটা ম্যাচে দুরন্ত ফুটবল খেলেন ইস্টবেঙ্গলের এই প্রাক্তন ফুটবলারটি। ম্যাচের ৮১ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন এই মিজো ফুটবলার। টালিগঞ্জকে ৫-১ ব্যবধানে হারিয়ে কলকাতা লিগে নিজেদের দ্বিতীয় জয় পাকা করে নেয় মোহনবাগান।

মোহনবাগানের পাশাপাশি এদিন কলকাতা লিগে বড় জয় পায় মহামেডান স্পোর্টিং। দীর্ঘদিন পর এদিন নিজেদের ঘরের মাঠে কলকাতা লিগের ম্যাচ খেলল তাঁরা। ঘরের মাঠে প্রতিপক্ষ সিএফসিকে ৭-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিল সাদা কালো ব্রিগেড। কলকাতার অন্যতম প্রধান ক্লাবের হয়ে এদিন হ্যাটট্রিক করেন বেনিস্টোন ব্যারেটো এবং ডেভিড লাহলানসাঙ্গার।

About Post Author