Home » মিশন ২০২৪, মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধীদের মেগা বৈঠক

মিশন ২০২৪, মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধীদের মেগা বৈঠক

সময় কলকাতা ডেস্ক,১৮ জুলাইঃ পাখির চোখ ২০২৪-এর লোকসভা ভোট। পাটনার পর বেঙ্গালুরু। আজ মহা মঙ্গলবার বেঙ্গালুরুর তাজ ওয়েস্ট ইন হোটেলে বিরোধীদের মেগা বৈঠক। ২০২৪-কে সামনে রেখে বিরোধী জোটের বড় ঘোষণা হতে চলেছে। সোমবারের প্রস্তুতি বৈঠকে সব দলের হাতে একটি কর্মসূচির খসড়া তুলে দেওয়া হয়। তার ভিত্তিতে এদিন আলোচনা করে একটি অভিন্ন কর্মসূচি প্রাথমিকভাবে ঘোষণা হবে বলেই জানা গিয়েছে। এদিনও সব দল একমত হয়েছে, বিজেপিকে হারাতে গেলে একের বিরুদ্ধে এক চাই।

সোমবারই ২৬ রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসঙ্গে বসেছিলেন। সেখানে তাঁরা পারস্পরিক আলোচনা সেরে নিয়েছেন। অন্যদিকে, সনিয়া গান্ধির ডাকা নৈশভোজেও শামিল হয়েছিলেন তাঁরা। উল্লেখ্য, মনমোহন সিং সরকারের সময় ইউনাইটেড প্রোগ্রেসিভ ফ্রন্ট বা ইউপিএর জন্ম হয়। বর্তমান পরিস্থিতির তাগিদে নতুন জোটের নতুন নাম ঘোষণা হতে পারে। ইন্ডিয়ান ইউনাইটেড ফ্রন্ট না কি ইউনাইটেড ইন্ডিয়া মোর্চা- কী নাম হবে মহাজোটের তা নিয়ে নেতারা ঘরোয়া কথা বলেছেন। আজকের বৈঠকে যোগ দেবে ২৬ দল। পাটনার চেয়ে আরও ১০টি বেশি দল। দ্বিতীয় বৈঠক থেকে আগামী কর্মসূচি ঘোষণা হবে।

আরও পড়ুন    প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি

অন্যদিকে, বিরোধীরা যখন তাদের শক্তি ক্রমশ বাড়াচ্ছে, পাল্টা শক্তি দেখাতে মাঠে নেমে পড়েছে কেন্দ্রের ক্ষমতাসীন এনডিএ জোটও। জানা গিয়েছে, মঙ্গলবারই এনডিএ-র বৈঠকে ২৪ শরিক দলের পাশাপাশি আরও  ছ’টি দল যোগ দেবে। এদিন বিকেলে নয়াদিল্লির অশোক হোটেলে এনডিএ বৈঠকে সভাপতিত্ব করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। বর্তমানে এনডিএ-র শরিক ২৪টি দলের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন    বিরোধী জোটের মেগা বৈঠকের নৈশভোজে পাশাপাশি সনিয়া-মমতা

এছাড়াও, বৈঠকে যোগ দেবে এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠী, লোক জনশক্তি পার্টি, হিন্দুস্তানি আওয়াম মোর্চা, রাষ্ট্রীয় লোক সমতা পার্টি, বিকাশশীল ইনসান পার্টি এবং সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি। বিহার থেকে যোগ দেবেন চার নেতা –লোক জনশক্তি পার্টির চিরাগ পাসওয়ান, হিন্দুস্তানি আওয়াম মোর্চার জিতনরাম মাঝি, রাষ্ট্রীয় লোক সমতা পার্টির উপেন্দ্র সিং কুশওয়াহা এবং বিকাশশীল ইনসান পার্টির মুকেশ সাহনি। রবিবারই সপা-র জোট ছেড়ে এনডিএ-তে যোগ দিয়েছে ওমপ্রকাশ রাজভরের সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি। বিরোধীরা যেমন বেঙ্গালুরুর বৈঠকে তাদের নিজ-নিজ রাজনৈতিক অবস্থান থেকে পারস্পরিক বিরোধ মেটানোর প্রস্তুতি নিচ্ছে, তেমনই বিজেপি তাদের জোটে নতুন ও পুরনো শরিকদের টানতে চাইছে।শরিকের হিসাবে বিরোধীদের ২৪-কে টেক্কা দিয়ে বিজেপি ৩০টি দলকে এক টেবিলে আনতে চাইছে।

About Post Author