Home » প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি

প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি

সময় কলকাতা ডেস্ক,১৮ জুলাইঃ প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা ওমেন চান্ডি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। যার কারণে গত কয়েক মাস ধরে বেঙ্গালুরুতে তাঁর চিকিৎসা চলছিল। মঙ্গলবার ভোররাতে বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ওমেন চ্যান্ডির ছেলে এদিন টুইটারে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। প্রবীণ কংগ্রেস নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।


প্রবীণ নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। শোক প্রকাশ করে টুইট করেছেন কেরলের কংগ্রেস সভাপতি কে. সুধাকরণ,কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে দু-দিন রাষ্ট্রীয় শোক দিবস এবং মঙ্গলবার রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করেছে কেরল সরকার। শেষ শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধিও। প্রবীণ কংগ্রেস নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন,‘কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের সময়ের প্রবীণ রাষ্ট্রনায়ক শ্রদ্ধেয় ওমেন চান্ডির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। প্রবীণ কংগ্রেস নেতা কেরলের উন্নয়ন এবং জনজীবনের গণতন্ত্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমি তাঁর পরিবারের সদস্য এবং অনুগামীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

আরও পড়ুন     উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বিপর্যয় মোকাবিলা টিম পাঠাচ্ছে নবান্ন


১৯৭০ সালে মাত্র ২৭ বছর বয়সে কেরলের পুত্থুপপল্লি কেন্দ্র থেকে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। প্রায় ৫০ বছর ধরে একাধিকবার এই কেন্দ্র থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হন। টানা ১১ বার বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন ওমেন চান্ডি। প্রথমবার ২৭ বছর বয়সে বিধায়ক হয়েছিলেন তিনি। তিনিই কেরলের ইতিহাসে সবচেয়ে বেশি সময়ের জন্য বিধানসভার সদস্য ছিলেন। দু’বার কেরলের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০০৪ সালে প্রথমবার কেরলের মুখ্যমন্ত্রী হন তিনি। যদিও মেয়াদ সম্পূর্ণ করতে পারেননি, ২০০৬ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রীর মসনদে ছিলেন তিনি। পরের বার ২০১১ সালে ফের মুখ্যমন্ত্রীর পদে বসেন। টানা ৫ বছরের মেয়াদ পূর্ণ করেন। অর্থাৎ ২০১৬ সাল পর্যন্ত কেরলের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। কেরল বিধানসভার বিরোধী দলনেতা হিসাবেও কাজ করেছেন তিনি।

About Post Author