Home » বেলিংহামের গোল, অনুশীলন ম্যাচে ইউনাইটেডকে হারাল রিয়েল, বার্সাকে পাঁচ গোল দিল আর্সেনাল

বেলিংহামের গোল, অনুশীলন ম্যাচে ইউনাইটেডকে হারাল রিয়েল, বার্সাকে পাঁচ গোল দিল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ জুলাই: ফুটবলের মরশুম শুরু হতে এখনও হাতে বাকি আরও কয়েকদিন। ইউরোপীয় ফুটবলে এখন চলছে প্রস্তুতি ম্যাচ খেলার পর্ব। ইউরোপের বড় বড় ক্লাবগুলি বিভিন্ন দেশে সফর করে প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত। বৃহস্পতিবার ভারতীয় সময় ভোরবেলায় অনুশীলন ম্যাচে মাঠে নামে রিয়েল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। টেক্সাসের এনআরজি স্টেডিয়ামে মুখোমুখি হয় এই দুই দল। প্রস্তুতি ম্যাচ হলেও প্রিয় দলের খেলা দেখতে মাঠে হাজির হয়েছিল হাজার হাজার সমর্থক। খাতায় কলমে এই ম্যাচের গুরুত্ব নেই। কিন্তু তবু ফুটবল মহলের এই ম্যাচে নজর ছিল। কারণ, দুই দলের কিছু ফুটবলারের এই ম্যাচেই অভিষেক হয়। তার মধ্যে অন্যতম রিয়েল মাদ্রিদের জুড বেলিংহাম। ইংল্যান্ডের এই তারকা ফুটবলারটিকে রেকর্ড অর্থে বরুসিয়া ডর্টমুন্ড থেকে নিজেদের দলে নিয়েছে রিয়েল।

এই মুহূর্তে বিশ্বের অন্যতম প্রতিশ্রুতিমান ফুটবলার মানা হচ্ছে২০ বছরের এই মিডফিল্ডারকে। যার খেলার কৌশলের মধ্যে অনেকেই আবার, রিয়েলের কিংবদন্তি জিনেদিন জিদানের ছায়া দেখতে পাচ্ছেন। নতুন ফুটবলারটির খেলা দেখার জন্য উদগ্রীব ছিলেন রিয়েল সমর্থকরা। প্রথম দিনে সমর্থকদের নিরাশ করেননি বেলিংহাম। ম্যাচ শুরু হওয়ার মাত্র ৬ মিনিটের মাথায় দুরন্ত গোল করলেন বেলিংহাম। রুডিগারের পাস থেকে বল ধরে ইউনাইটেড গোলরক্ষকের মাথার উপর থেকে বল জড়িয়ে দেন জালে। যদিও রিপ্লেতে দেখা যায় বলটি রিসিভ করার সময় অফসাইডে ছিলেন বেলিংহাম। কিন্তু প্রস্তুতি ম্যাচে ভার টেকনোলজি না থাকায় গোলের সিদ্ধান্তটি টিকে যায়। গোলটি ছাড়াও এদিন গোটা ম্যাচে দুরন্ত ফুটবল খেলেন বেলিংহাম। বেলিংহাম ছাড়াও এদিন রিয়েলের হয়ে দুরন্ত খেলেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগেস, ভ্যালভার্দে, জোসেলুরা। ম্যাচের একদম শেষের দিকে ওভারহেড শটে দুরন্ত গোল করেন জোসেলু।

বেঞ্জেমা রিয়েল ছেড়ে সৌদির ক্লাবে যোগ দেওয়ার পর ৩৩ বছরের এই ফুটবলারকে লোনে দলে নিয়েছে রিয়েল। এটি ছিল তাঁর রিয়েলের জার্সিতে দ্বিতীয় ম্যাচ। এই দ্বিতীয় ম্যাচে দুরন্ত গোল করে নজর কাড়লেন তিনি। অপরদিকে, এদিন ইউনাইটেডের জার্সিতে প্রথম মাঠে নামেন গোলরক্ষক আন্দ্রে ওনানা। ক্যামেরুনের এই গোলরক্ষককে এবছর ইন্টার থেকে দলে নিয়েছে ইউনাইটেড। স্পেনের ডেভিড ডি হিয়ার ছেড়ে দেওয়া বুটে পা গলিয়েছেন ক্যামেরুনের ২৭ বছরের গোলরক্ষক। প্রথম দিনে দুটি গোল হজম করলেও বল ডিস্ট্রিবিউশন, লাস্ট লাইন অফ ডিফেন্স থেকে নেতৃত্ব দিয়ে নজর কাড়লেন ওনানা। যদিও দ্বিতীয় গোলটির ক্ষেত্রে যদিও অনেকে তাঁকেই দায়ী করছেন। ওনানা ছাড়াও এদিন ইউনাইটেডের হয়ে নজরকাড়া ফুটবল খেলেন আলেহান্দ্রো গার্নাচো, ক্যাসেমিরো, লিসান্দ্র মার্টিনেজরা। যদিও এদিন ইউনাইটেডের হয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন দলের তরুণ মিডফিল্ডার কোবি মাইনু।

আরও পড়ুন    অভিযুক্ত গিলগো বিচ সিরিয়াল কিলার রেক্স হিউরম্যানের বিরুদ্ধে বিচারে নয়ামোড়

অপর একটি ম্যাচে ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে বার্সেলোনাকে ৫-৩ গোলে হারাল আর্সেনাল। ম্যাচের মাত্র ৭ মিনিটে লেভানদস্কির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের ১৩ মিনিটে ম্যাচে সমতা ফেরান বুকায় সাকা। ৩৪ মিনিটে ফের রফিনহার গোলে এগিয়ে যায় বার্সা। ৪৩ মিনিটে আবার সমতায় ফেরে আর্তেতার দল। গোল করেন কাই হাভার্টস। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ঝাঁঝ বাড়ায় গানার্সরা। ম্যাচের ৫৫ ও ৭৮ মিনিটে জোড়া গোল করে আর্সেনালকে এগিয়ে দেন লিও ট্রসার্ড। ৮৮ মিনিটে একটি গোলের ব্যবধান কমায় জাভির দল। তবে পরের মিনিটে আর্সেনালের হয়ে বার্সার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ফ্যাবিও ভিয়েরা। এই বিশাল জয় প্রিমিয়ার লিগ শুরুর আগে লাল সাদা জার্সিধারিদের আত্মবিশ্বাস জোগাবে বলেই মত বিশেষজ্ঞ মহলে।

About Post Author