স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ জুলাই: দলবদলের বাজারে এবার চমকের পর চমক দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। বিশ্বকাপার, ইউরো কাপার, জাতীয় দলের স্টপার, দেশের এই মুহূর্তে সেরা মিডফিল্ডার কে নেই এবারের দলে? ফুটবল মহলের অনেকের মতে, এবার মোহনবাগানের মত শক্তিশালী দল, দেশের আর কোনও ক্লাব গড়েনি। সমর্থকরা কেউ কেউ এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন বটে, কিন্তু তাঁরা একটু হিসেবী। এক ফুটবল বিশেষজ্ঞ বললেন নাম দিয়ে তো আর মাঠে জেতা যায় না, ৯০ মিনিটে নিজেকে প্রমাণ করতে হবে। তখন বোঝা যাবে কে কত বড় ফুটবলার।

তবে ফুটবল সমালোচকরা যাই বলুন, নতুন দলকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে সবুজ মেরুন সমর্থকরা। অধীর আগ্রহে তাঁরা অপেক্ষা করছে কখন তাঁদের প্রিয় দল মাঠে নামবে। প্রতিদিন একদল ক্লাবপ্রেমী মানুষ ভিড় জমাচ্ছেন মোহনবাগান মাঠে। যেখানে ইতিমধ্যে প্রথম দলের অনুশীলন শুরু হয়ে গিয়েছে জোরকদমে। গ্যালারি থেকে নিজেদের প্রিয় তারকার নাম নিয়ে জয়ধ্বনি দিচ্ছে মোহন জনতা। নতুন ক্লাবের চাপটা ইতিমধ্যে টের পেতে শুরু করে দিয়েছেন মোহনবাগানের নবাগতরা। মঙ্গলবার ক্লাবের নতুন জার্সি উদ্বোধনে সেই কথাই শোনা গেল জাতীয় দলের মিডফিল্ডার অনিরুদ্ধ থাপার গলায়। যিনি চেন্নাইয়ান থেকে রেকর্ড অর্থের বিনিময়ে নাম লিখিয়েছেন গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাবে।

জার্সি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনিরুদ্ধ বলেন, “আমি গর্বিত এই ক্লাবে খেলার সুযোগ পেয়ে। মোহনবাগান দেশের অন্যতম সেরা ক্লাব।” এর পাশাপাশি মোহনবাগানে যোগ দেওয়ার কারণটিও স্পষ্ট করেন অনিরুদ্ধ। তিনি বলেন,” আমি এই ক্লাবে যোগ দিয়েছি কারণ, এই ক্লাবের একটা অতীত ঐতিহ্য রয়েছে। এটি দেশের প্রাচীনতম ক্লাবের অন্যতম। গত মরশুমে মোহনবাগান ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হয়। তবুও এবছর দেশের ও বিদেশের অনেক তারকাকে তাঁরা দলে নিয়েছে। এর থেকে বড় ক্লাবের মানসিকতা বোঝা যায়। দেশের সেরা ড্রেসিংরুম আমাকে উদ্বুদ্ধ করবে নিজের সেরাটা দেওয়ার জন্য।”
আরও পড়ুন টেনিস নক্ষত্র ভিটাস গেরুলাইটিসের কোন দুর্ঘটনায় অকালপ্রয়াণ হয়?

এরসঙ্গে তিনি যুক্ত করেন,”মোহনবাগানের সঙ্গে অনেক মানুষের আবেগ যুক্ত রয়েছে। আমি জানি ভালো খেললে যেরকম ওরা আমাকে উৎসাহিত করবে, খারাপ খেললে গালাগাল দেবে। আমি মানসিকভাবে দুটির জন্যই প্রস্তুত।” এদিন মমিনপুরের অফিসে ক্লাবের অন্যতম কর্তা সঞ্জীব গোয়েঙ্কা ক্লাবের আগামী মরশুমের নতুন জার্সি উদ্বোধন করেন। অনিরুদ্ধ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিংস। এই অনুষ্ঠানে ক্লাব কর্তা জানান, অনেক বছর ধরে চেষ্টা চালিয়ে অনিরুদ্ধকে দলে পেয়েছে মোহনবাগান। ক্লাব সমর্থকদের প্রত্যাশা মেটাতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে সমর্থকরা।


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়