স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩১ জুলাই: নতুন ফুটবল মরশুম শুরুর এখনও বাকি বেশ কিছুদিন। এখন প্রস্তুতি শিবিরে নিজেদের দলকে চাঙ্গা করতে মরিয়া দলগুলি। সেরকমই একটি প্রস্তুতি শিবিরে ট্রফির স্বাদ পেল চেলসি। আমেরিকার ফেডেক্সফিল্ডে ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ সামার সিরিজ জিতল নীল জার্সিধারীরা। এদিন প্রথম থেকে দাপুটে ফুটবলে খেলে চেলসি। প্রথম গোল পেতে চেলসিকে অপেক্ষা করতে হয় ২০ মিনিট। বেন চিওয়েলের নিখুঁত ক্রস থেকে চেলসিকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। দ্বিতীয় গোল পেতেও বেশি সময় অপেক্ষা করতে হয়নি।

প্রথমার্ধের নির্ধারিত সময় শেষ হওয়ার ৪ মিনিট আগে ফের চেলসির হয়ে ব্যবধান বাড়ান এনকুঙ্কু। ২-০ গোলে পিছিয়ে পরেও হাল ছাড়েনি ফুলহ্যাম। কিন্তু ব্যবধান কমাতে ব্যর্থ হয় মার্কো সিলভার দল। গত মরশুমে হতাশাজনক ফুটবল উপহার দিয়েছিল চেলসি। ২০ দলের লিগে ১২ নম্বরে থেকে শেষ করতে হয়। একাধিকবার কোচ বদল করেও ভাগ্য বদল হয়নি ব্লুজ ব্রিগেডের। অবশেষে অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোর হাতে দলের দায়িত্ব তুলে দেয় ক্লাব ম্যানেজমেন্ট। আর তাঁর প্রশিক্ষণেই প্রথম টুর্নামেন্টেই এবার বাজিমাত করল দল।
আরও পড়ুন ভারতীয় ক্রিকেট নিয়ে প্রসাদ-কপিলের বাউন্সার

এই টুর্নামেন্টে চেলসি ছাড়াও অংশ নিয়েছিল নিউক্যাসল ইউনাইটেডে, অ্যাস্টন ভিলা, ব্রেন্টফোর্ড, ব্রাইটন, ফুলহামের মত প্রিমিয়ার লিগের একাধিক প্রথম সারির ক্লাব। প্রথম ম্যাচে ব্রাইটনকে ৪-১ গোলে পরাস্ত করে চেলসি। তবে শক্তিশালী নিউক্যাসলের বিরুদ্ধে ম্যাচ শেষ হয় ১-১ গোলে অমীমাংসিত। ফুলহ্যামকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই প্রতিযোগিতার ট্রফি নিজেদের দখলে করল চেলসি। ট্রফি জিতে চেলসির নতুন কোচ বলেন, চেলসি কোচ পচেত্তিনো, ‘জিততে পারলে সবসময় ভালো লাগে। ফুটবলাররা যেভাবে নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছে তাতে আমি খুশি।’ গোটা দলের পাশাপাশি স্বদেশীয় ফুটবলার এন্জ ফার্নান্দেজকে নিয়েও উচ্ছসিত চেলসি কোচ। তিনি বলেন, ‘এঞ্জো দারুণ ফুটবলার। খুব শান্ত স্বভাবের। দেশের হয়ে বিশ্বকাপ জিতেছে। আমরা ওঁর জন্য গর্বিত।’


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে