সময় কলকাতা ডেস্ক,৩ আগস্ট: গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হলেও আপেক্ষিক আর্দ্রতার জেরে বেড়েছে গরম। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। বৃহস্পতিবার থেকেই ফের হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যেই কলকাতা সহ জেলায় জেলায় বাড়বে তাপমাত্রার পারদ। চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে তৈরি হওয়া নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। কার্যত সেকারণেই সেভাবে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। গত মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গ, ওডিশা এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছিল ভারী বৃষ্টি। একধাক্কায় অনেকটাই নেমেছিল তাপমাত্রার পারদ।

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ পরিষ্কার। কলকাতা ও তার আশপাশের এলাকায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে গুমোট আবহাওয়ার জেরে বাড়বে ভ্যাপসা গরমও। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭৮ থেকে ৯২ শতাংশ।
আরও পড়ুন ১ দিনের কলকাতা সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

পূর্বাভাস বলছে,বৃহস্পতিবার থেকেই কলকাতা সহ জেলায় জেলায় পাল্লা দিয়ে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে,ওডিশা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়, গোয়া, মহারাষ্ট্রে ভারী বৃষ্টিপাত চলবে বলেই খবর। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাটে। ইতিমধ্যেই সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর প্রদেশ এবং রাজস্থানে। মুম্বই, পুনে এবং মহারাষ্ট্রের অন্য শহরগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তর, মধ্য ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম,মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


More Stories
দিল্লির রাজস্থান বধ
হাতির হামলায় যুবকের মৃত্যু
গোঘাটে তৃণমূল নেতা খু*ন