Home » ১ দিনের কলকাতা সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

১ দিনের কলকাতা সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

সময় কলকাতা ডেস্ক,২ আগস্ট: একদিনের কলকাতা সফরে আসছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ১৭ আগস্ট,বৃহস্পতিবার তাঁর কলকাতায় আসার কথা রয়েছে। জানা গিয়েছে,গার্ডেনরিচ শিপবিল্ডার্সের একটি অনুষ্ঠানে যোগ দিতেই রাষ্ট্রপতি কলকাতায় আসছেন। ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর এবার দ্বিতীয়বারের জন্য কলকাতা আসছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

সূত্রের খবর, আগামী ১৭ আগস্ট সকাল সাড়ে ১১ টা নাগাদ কলকাতা এয়ারপোর্টে নামবেন তিনি। সেখান থেকে সোজা চলে যাবেন গার্ডেনরিচ শিপবিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডে। কার্যত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবেই উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি। ওই অনুষ্ঠানের পর জিআরএসই-র একটি অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন তিনি। দুপুর ১টা ৪০ থেকে ৩ টে পর্যন্ত ওই অনুষ্ঠানে থাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপর বিকেলে দিল্লি ফেরত যাবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন    সাম্প্রদায়িক সংঘর্ষে অগ্নিগর্ভ হরিয়ানা! মৃত ৫, গ্রেফতার কমপক্ষে ১১৬

এর আগে গত ২৭ মার্চ ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের জন্য দুদিনের কলকাতা সফরে এসেছিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।কলকাতায় এসে প্রথমেই রাষ্ট্রপতি গিয়েছিলেন এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবনে। এরপর তিনি যান জোড়াসাঁকোতে। ঠাকুরবাড়ি পরিদর্শনের পর ইউকো ব্যাংকের একটি অনুষ্ঠানেও যোগ দেন রাষ্ট্রপতির। এরপর এদিন বিকেলেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এরপর ২৮ তারিখ বেলুড় মঠে যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপর শান্তিনিকেতনের বিশ্বভারতীতে সমাবর্তন উৎসবে যোগ দিয়ে দিল্লি ফিরে যান তিনি

About Post Author