সময় কলকাতা ডেস্ক,১২ আগস্ট: শুক্রবার সকালের পর ফের মধ্যরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড উল্টোডাঙ্গায়। শুক্রবার রাত ১টা নাগাদ বিধ্বংসী আগুন লাগে গুরুদাস দত্ত লেনের একটি কাগজের গুদামে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। প্রচুর ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গভীর রাতে হঠাৎই আগুন লাগে উল্টোডাঙ্গার ধানকল এলাকার ওই কাগজের গুদামে। ওই গুদামে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে স্থানীয়দের সহায়তায় রাস্তায় বেরিয়ে আসেন শ্রমিকরা। তৎক্ষণাৎ গুদাম থেকে বাকি কর্মীদের বের করে আনা হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়।
আরও পড়ুন ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহান্তে কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস
স্থানীয়দের তরফে খবর যায় দমকলে। খবর পেয়ে তৎক্ষণাৎ দমকলের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা থেকেই স্পষ্ট যে এদিন আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল। প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায় স্থানীয়রাই। প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। যদিও এদিন ঠিক কী কারণে এই আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। তবে দমকলকর্মীদের প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা