Home » রাহুল – হার্দিকের রসায়ন ঠিক কাজ করছে না কেন?

রাহুল – হার্দিকের রসায়ন ঠিক কাজ করছে না কেন?

সময় কলকাতা ডেস্ক,১৪ আগস্ট :  ওয়েস্ট ইন্ডিজে পাঁচ ম্যাচের  টি-টোয়েন্টি সিরিজে তিনটিতে হেরে রাহুল-হার্দিক রসায়ন বড়সড় প্রশ্নচিহ্নের মুখে।ক্রিকেটার হিসেবে ‘ দ্যা ওয়াল ‘ রাহুল দ্রাবিড় ভারত তথা বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ ব্যাটসম্যানদের মধ্যে  পরিগণিত হবেন। তার অসামান্য ব্যাটিং দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন উঠতে পারে না, কস্মিনকালে  ওঠেও নি। কিন্তু তিনি ভারতের কোচ নিযুক্ত হওয়ার পরে ভারতের আশানুরূপ সাফল্য আসে নি।এসময় মিশ্র সাফল্য আসতে শুরু করায় প্রাক্তন ক্রিকেট তারকা “দ্যা ওয়াল” ও তাঁর দৃষ্টিভঙ্গি নিয়ে  অনেক প্রশ্ন উঠতে শুরু করেছিল । ২০২৩ সালে  ক্যারিবিয়ান সফরে  টি-টোয়েন্টি সিরিজে অপেক্ষাকৃত অগোছালো ও দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হার হওয়ার প্রশ্নমালা আরও বড় হবে বলাই বাহুল্য। ইতিমধ্যেই  প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে  কয়েকজন রাহুল দাবি সিদ্ধান্ত ও আগ্রাসনের অভাব নিয়ে  প্রশ্ন তুলতে শুরু করেছেন। হার্দিক পান্ডিয়া ও রাহুল দ্রাবিড়ের ভেতরের রসায়ন নিয়েও প্রশ্ন উঠছে। কোচ ও অধিনায়কের রসায়ন নিয়ে কী এত প্রশ্ন, কেনই বা প্রশ্ন?

২০১৬  সালে থেকে ২০২০ সাল পর্যন্ত ৪২ মাস ভারতের কোচ ছিলেন রবি শাস্ত্রী। তাঁর কোচিং-এর শেষ দিকে সাফল্যের হার কমতে শুরু করলেও ৪৬ টেস্টে ভারতের কোচ রবি শাস্ত্রীর আমলে  ভারত ২৮টি টেস্টে জয়লাভ করে । বিরাট কোহলি বা রবি শাস্ত্রী দুজনেই একমুখী আগ্রাসী ক্রিকেট ধারণায়  বিশ্বাসী ছিলেন। টি-টোয়েন্টি বা পঞ্চাশ ওভারের  খেলায় রবি শাস্ত্রী কে  কোন অঙ্কেই ব্যর্থ কোচ বলা যাবে না। ২০২১ সালের নভেম্বর মাসে রাহুল দ্রাবিড় ভারতের প্রধান কোচ নিযুক্ত হন।রবি শাস্ত্রীর কার্যকাল থেকে রাহুল দ্রাবিড়ের প্রধান কোচ হিসাবে কার্যকালে টিম ইন্ডিয়ার ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি থেকে  আমূল পরিবর্তন প্রত্যক্ষ করতে থাকে ক্রিকেট বিশ্ব।শাস্ত্রী ভারতকে অন্যতম শক্তিশালী টেস্ট ক্রিকেট দলে পরিণত করতে এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই পথ ধরে রাহুল দ্রাবিড় এগোবেন ও ভারতের সাফল্যকে আরও নতুন অভিমুখ দেবেন এই আশাই করা হয়েছিল। রাহুল দ্রাবিড় কোচ হিসাবে  তার অভিষেক সিরিজে জয় পেলেও তার কোচিংয়ে  প্রথম অ্যাওয়ে সিরিজে দক্ষিণ আফ্রিকায় মুখ থুবড়ে পড়ে ভারত। বাংলাদেশে রোহিত শর্মার নেতৃত্বাধীন  ভারত এক দিবসীয় সিরিজে হার মানে রাহুল দ্রাবিড়ের সময়কালেই। কিছু সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও গ্রাস করছে  ভারতকে। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে পরাজয়ের তিক্ত স্বাদও পেতে হয়। যদিও সেই সিরিজে অধিনায়ক হিসেবে অধিনায়ক হিসেবে ছিলেন রোহিত শর্মা। কোচ অধিনায়কের ভেতরের রসায়ন নিয়ে সেসময় প্রশ্নচিহ্ন উঠতে থাকে।কে এল রাহুলের অধিনায়কত্বে তৃতীয় ম্যাচে জিতলেও তারআগেই হাতছাড়া হয়ে যায় সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হার রাহুল দ্রাবিড় জমানায় ব্যর্থতায় নবতম সংযোজন।

রাহুল দ্রাবিড়ের দল চয়ন নিয়ে অনেক সময় প্রশ্ন উঠেছে। সফল প্রবীণ খেলোয়াড়দের উপেক্ষা করার পাশাপাশি অভিযোগ ওঠে তিনি অনেক ক্ষেত্রেই তরুণ খেলোয়াড়দের প্রথম দলে যথেষ্ট সুযোগ দেন নি। বেশ কিছু বিতর্ক উঠেছে এনিয়ে।কোচ দ্রাবিড় ভালো ফর্মে থাকা ঋদ্ধিমান সাহার মত খেলোয়াড় কে কেবলমাত্র  বয়সের অজুহাতে দল থেকে সরে যেতে বাধ্য করেন।

দ্রাবিড়ের মেয়াদকালে ভারতের লড়াইয়ের মনোভাব, মিশ্র পারফরম্যান্স এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহনে ব্যর্থতা, প্রাপ্ত সুযোগ হাতছাড়া করার প্রবণতা চোখে পড়তে থাকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ তার অন্যথা ছিল না।  বেশকিছু কি-প্লেয়ার  অনুপস্থিত থাকলেও  ভারতের প্রকৃত শক্তির প্রতিফলন মাঠে ঘটেনি। যশস্বী, তিলক ভার্মা, মুকেশ কুমারের কিছু তরুণ প্লেয়ারের উল্লেখযোগ্য সফল আবির্ভাব ঘটলেও  গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে তাদের প্রতিপক্ষের আগ্রাসনের সাথে তাল মেলাতে বেড়ে উঠছিল না , ফলশ্রুতি  ব্যর্থতা তাদের মেনে নিতে হয়। ভারত ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ এই আগ্রাসনের অভাবের প্রকৃষ্ট উদাহরণ।

পার্থিব প্যাটেলের সহ বেশ কিছু প্রাক্তন ক্রিকেট তারকা  রাহুল দ্রাবিড় – হার্দিক পান্ডিয়া রসায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন রাহুল দ্রাবিড় সঠিকভাবে চালিত করতে পারছেন না হার্দিক পান্ডিয়াকে, হার্দিক পান্ডিয়ার  আগ্রাসন স্তিমিত হয়ে যাচ্ছে রাহুল দ্রাবিড়ের  রক্ষণাত্মক মনোভাবের কারণে । হার্দিক পান্ডিয়া মাঠের মধ্যে একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। তাকে দিশা দেওয়ার  অভাব তারা খুঁজে পাচ্ছেন কোচের মধ্যে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে  দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের ব্যর্থতার পরে  , পার্থিব প্যাটেল রাহুল – হার্দিকের রসায়ন নিয়ে প্রশ্ন তুলেছিলেন । তাঁর মতে, হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব সম্পর্কে বেশ কয়েকটি উদাহরণ রয়েছে যা স্পষ্টত ভুল হয়েছে।”প্রথম ভুল প্রথম খেলায় অক্ষর প্যাটেলকে সেই ওভারটি দিয়েছিলেন যখন নিকোলাস পুরান ব্যাট করতে নেমেছিলেন। যুজবেন্দ্র চাহালকে ২য় টি-টোয়েন্টিতে তার কোটার চতুর্থ ওভার না দেওয়া। হার্দিক পান্ডিয়া অধিনায়ক গুজরাট টাইটানসের অধিনায়ক থাকাকালীন উজ্জ্বল কিন্তু গুজরাট টাইটানসে আশিস নেহরার সমর্থন ছিল।” পার্থিব আরও প্রশ্ন তুলেছেন, ” রাহুল দ্রাবিড় কি সক্রিয় কোচ বা ব্যক্তি যাকে আমরা টি-টোয়েন্টি ফরম্যাটে খুঁজছি? ” নিজেই এই প্রশ্নের উত্তর দিয়ে বলেন তিনি সেরকম মনে করছেন না।
“আমার মনে,হয় আমাদের এমন কাউকে দরকার যিনি সক্রিয়।হার্দিক পান্ডিয়ার সেই স্ফুলিঙ্গ আছে কিন্তু তার সেই সমর্থন দরকার, যা  রাহুল দ্রাবিড় দিতে পারছেন না,” –  পার্থিব জানিয়েছেন।পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচেও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের মত বোলিং পরিবর্তন  করার ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন ত্রুটি লক্ষ্য করা গেছে হারের পরে যা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। রাহুল- হার্দিক রসায়ন ছাড়াও প্রশ্ন উঠতে বাধ্য রাহুল দ্রাবিড় জমানায় ভারতের ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি, স্ট্র্যাটেজি ও আগ্রাসনের অভাব নিয়ে। প্রশ্ন শুধুই জমাট বাঁধছে।

 

About Post Author