Home » জয়ের হ্যাটট্রিক সাদা কালো ব্রিগেডের

জয়ের হ্যাটট্রিক সাদা কালো ব্রিগেডের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ অগস্ট: কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনে জয় পেল মহামেডান স্পোর্টিং। এনিয়ে টানা তৃতীয় ম্যাচে জয় পেল সাদা কালো ব্রিগেড। মহামেডানের হয়ে খেলার ফল ২-০। কলকাতা ময়দানের  অন্যতম প্রধান ক্লাবের গোলগুলি করেন অভিজিৎ সরকার ও ডেভিড। ক্লাবের নতুন তাঁবু উদ্বোধন হওয়ার পরের দিন সাদা কালো জার্সির ফুটবলাররা যেন আর জ্বলে উঠল মাঠে।

কলকাতা লিগের প্রমিয়ার ডিভিশনে ফের জয়ের মুখ দেখল মহামেডান স্পোর্টিং। বৃহস্পতিবার বেলা ৩ টে ব্যারাকপুর স্টেডিয়ামে সাদার্ন সমিতির মুখোমুখি হয় সাদা-কালো ব্রিগেড। এর আগে এই প্রতিযোগিতায় মোট ৬ টি ম্যাচ খেলেছে মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। তার মধ্যে ৫ টি ম্যাচে জয়ের মুখ দেখেছে। এদিন জিতে লিগ জয়ের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে যাওয়াই ছিল দলের প্রধান লক্ষ্য। সেই জয়ের খিদেটাকে সম্বল করেই এদিন মাঠে নামে সাদা কালো ব্রিগেড। ম্যাচের শুরু থেকে বল দখলের লড়াইয়ে বিপক্ষকে টেক্কা দিতে থাকেন মহামেডান ফুটবলাররা। মাত্র ১৫ মিনিটের মাথায় কাঙ্ক্ষিত গোলের সন্ধান পেয়ে যায় দল। সাদার্নের জালে বল জড়ান অভিজিৎ সরকার। ব্যারাকপুরে ম্যাচ হওয়ায় এদিন অনেক স্থানীয় সমর্যক ম্যাচ দেখতে আসেন। তাঁদের মধ্যে সিংহভাগ মহামেডান শিবিরের সমর্থক। প্রিয় দল প্রথম গোল পেতেই গ্যালারিতে উচ্ছাসে ফেটে পড়েন সমর্থকরা। প্রথম গোলটির পর জড়তা কাটিয়ে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করেন সাদা কালো বাহিনী। এই আক্রমণের ফল দলের দ্বিতীয় গোল। এবার মহামেডানের হয়ে গোলদাতা ডেভিড। এই টুর্নামেন্টে ঐতিহ্যের সাদা কালো জার্সিতে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন এই ফুটবলারটি। ইতিমধ্যে এই প্রতিযোগিতায় অষ্টম গোল হয়ে গেল তাঁর। ২-০ গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে মহামেডান কিছুটা রক্ষণাত্মক খেলে। ইঙ্গিতটা স্পষ্ট কোনওভাবে গোল হজম করা যাবে না। সাদার্ন লড়াই করে দুই গোল শোধ করতে পারবে, তাঁদের ফুটবলারদের দেখে মনে হয়নি। ফলে মহামেডান দুর্গ অক্ষুন্ন থেকে যায়। ৩ টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে এদিন মাঠ ছাড়েন মহামেডান স্পোর্টিং ফুটবলাররা। এই জয়ের কৃতিত্ব গোটা দলকে ভাগ করে দিলেন সাদা কালো কোচ ও ময়দানের প্রাক্তন ফুটবলার মেহরাজউদ্দিন ওয়াডু। ম্যাচ শেষে তিনি জানান, ‘ ফুটবলাররা মাঠে যে লড়াইটা করেছে আমি কোচ হিসেবে গর্বিত। সঙ্গবদ্ধ ফুটবলই এই সাফল্যের মূল মন্ত্র। আগামীদিনেও এই জয়ের তাগিদটা ফুটবলারদের মধ্যে দেখতে পাবো।”

About Post Author