স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ অগস্ট: বিশ্বের অন্যতম চর্চিত ফুটবলারকে সই করিয়ে চমক দিয়েছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল। রেকর্ড অর্থের বিনিময়ে ব্রাজিলিয়ান সুপারস্টারকে সই করিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব। ফলে এখন নেইমার বনাম বেঞ্জেমা বনাম রোনাল্ডো লড়াই দেখার জন্য প্রস্তুতি নিচ্ছে ফুটবল মহল। তবে এখানেই থেমে না থেকে ফের চমক দিল নেইমারের ক্লাবে আল হিলাল। সেভিয়ার সফল গোলরক্ষক ইয়াসিন বোনোকে সই করাল আল হিলাল। কাতার বিশ্বকাপে প্রথমবারের জন্য সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল মরক্কো। সেই সাফল্যের অন্যতম নায়ক ছিলেন এই গোলরক্ষক।

বিশ্বকাপ শেষ হওয়ার পর ইউরোপের অনেক নামী ক্লাব এই ফুটবলারের পরিষেবা পেতে আগ্রহ প্রকাশ করে। তবে সবাইকে চমক দিয়ে সৌদির পথেই পা বাড়ালেন ৩২ বছরের এই ফুটবলার। তিন বছরের জন্য সৌদির ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ট্রান্সফার বাবদ স্পেনের ক্লাবটি পাবে প্রায় ২২.৮ মিলিয়ন ডলার। শুক্রবার বোনোর যোগদানের খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে আল হিলাল। সেখানে লেখা হয়েছে ‘অ্যাটলান্টিকের সিংহ এখন আমাদের তিন কাঠির প্রহরী।’
আরও পড়ুন ইস্টবেঙ্গল ছেড়ে আরবে কার্লেস কুয়াদ্রাত! কেন?

জানা গিয়েছে, ক্লাবের কর্ণধার তথা সৌদির যুবরাজ আল-ওয়ালিদ বিন তালালের উদ্যোগেই সেভিয়া ছেড়ে আল হিলালে যোগ দেওয়ার প্রস্তাব মেনে নিয়েছেন বোনো। নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছসিত বোনো জানিয়েছেন ‘ এত বিরাট মাপের ও ঐতিহাসিক ক্লাবে যোগ দিয়ে আমি খুশি।’ পেশাদার ফুটবলের বেশিরভাগ সময় সেভিয়ার জার্সিতে খেলেছেন বোনো। স্প্যানিশ লিগ বা লা লিগা জয়ের স্বাদ না পেলেও দুইবার জিতেছেন ইউরোপা লিগ। এবার জীবনের নতুন একটি অধ্যায় মরুদেশে শুরু করার অপেক্ষায় এই অভিজ্ঞ গোলরক্ষক।


More Stories
ছিন্নমূলদের আত্মসম্মান ও অহংকারের নাম ইস্টবেঙ্গল, বললেন মন্ত্রী শঙ্কর ঘোষ
স্বপ্না বর্মনের অবসর
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত