স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ আগস্ট: ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয় আর্সেনালের। সোমবার লন্ডনের সেলহার্স্ট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে গানার্সরা। প্রতিপক্ষ ছিল ক্রিস্টাল প্যালেস। ম্যাচের শুরুতেই অনন্য নজির গড়েন আর্সেনালের উইঙ্গার বুকায়ো সাকা। একটানা ৮২ তম ম্যাচে ক্লাবের জার্সিতে মাঠে নামলেন ২১ বছরের সাকা। এতদিন এই রেকর্ড ছিল গানার কিংবদন্তি পল মারসনের। ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত টানা আর্সেনালের জার্সিতে ৮২ টি ম্যাচ খেলে রেকর্ড গড়েছিলেন মারসন।

সাকার রেকর্ডের ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। ১০ জন নিয়েও ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে ১-০ গোলে। যদিও খেলার প্রথমার্ধে কোনও দলই গোলের মুখ দেখেনি। বল দখলের প্রাধান্য নিয়ে খেললেও যোগ্য স্ট্রাইকারের অভাব টের পেয়েছে আর্সেনাল। অপরদিকে, শক্তিশালী গানার্সদের বিপক্ষে ভালো লড়াই দিয়েছে রয় হডসনের ছেলেরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল পেতে মরিয়া চেষ্টা চালাতে থাকে মাইকেল আর্তেতার ছেলেরা। বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি। খেলার ৬৩ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দিয়েছিলেন নরওয়ের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড।
আরও পড়ুন দাবা বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রজ্ঞা

যদিও এরপর জোর ধাক্কা খায় আর্সেনাল। দুটি হলুদ কার্ড অর্থাৎ লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় আর্সেনালের জাপানি ডিফেন্ডার টাকেহিরো টমিয়াসু। দশজনের আর্সেনালকে পেয়ে চাপ বাড়াতে থাকে ক্রিস্টাল প্যালেস। যদিও অক্সিজেনসূচক গোলের সন্ধান পায়নি তাঁরা। আর্সেনাল গোলপোস্টের নিচে এদিন দুরন্ত খেলেন অ্যারন রামসডালে। ম্যানচেস্টার সিটি ও ব্রাইটনের পর তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয় ম্যাচ জিতল আর্সেনাল। যদিও গোল পার্থক্যের বিচারে লিগ তালিকার তিন নম্বরে রয়েছে দল। আগামী শনিবার প্রিমিয়ার লিগে ফুলহ্যামের মুখোমুখি হবে গানার্সরা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার