Home » ম্যানচেস্টার সিটিতে বেলজিয়ান বিস্ময় বালক

ম্যানচেস্টার সিটিতে বেলজিয়ান বিস্ময় বালক

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ অগস্ট: দলবদলের বাজারে ফের  ম্যানচেস্টার সিটিতে চমক দিল বেলজিয়ান বিস্ময় বালক। বেলজিয়ান উইঙ্গার জেরেমি ডোকুকে সই করাল গতবারের ত্রিমুকুট চ্যাম্পিয়নরা। ২১ বছরের এই উইঙ্গারকে দলে পেতে ম্যানচেস্টারের ক্লাবটিকে খরচ করতে হয়েছে প্রায় ৫৫ মিলিয়ন পাউন্ড।

গত মরশুমে ইউরোপীয় ফুটবলের রং ছিল আকাশী। দাপুটে ফুটবল খেলে প্রিমিয়ার লিগ, ইংলিশ কাপ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পেপ গুয়ার্দিওলা ব্রিগেড। যদিও সেই দলের তারকাদের ধরে রাখতে পারেনি ক্লাব। ইতিমধ্যে ক্লাব ছেড়েছেন ইকে গুণ্ডগান, রিয়াদ মাহরেজ, লাপর্তের মত প্রথম দলের তারকারা। তাঁদের জায়গায় নতুন ফুটবলার নিচ্ছে সিটি। সেই তালিকার নবতম সংযোজনটি হল জেরেমি ডোকু।

আরও পড়ুন     নরওয়ের সেনাবাহিনীর মেজর জেনারেলের পদ পেল পেঙ্গুইন স্যার নীলস ওলাভ

বেলজিয়ান ক্লাব অ্যান্ডারলেখটের হয়ে পেশাদারী ফুটবলের হাতেখড়ি ডোকুর। গতি, বলের প্রতি নিয়ন্ত্রণে শুরু থেকেই নজর কাড়েন ডোকু। সেখান থেকে ২০২০ সালে কোটি টাকা খরচ করে এই তরুণকে দলে নেয় ফরাসি ক্লাব রেঁনে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই উইং উইজার্ডকে। ফরাসি লিগে বহু তারকার মধ্যেই নিজের জাত চিনিয়েছেন ডোকু। শুধু ক্লাবেই নয় তারকা খচিত বেলজিয়ান জাতীয় দলেও যখনই সুযোগ পেয়েছেন বার্তা দিয়েছেন তিনি লম্বা রেসের ঘোড়া। নিজের ফুটবল দক্ষতা দিয়ে জিতেছেন হাজার হাজার সমর্থকের মন। সমর্থকরা ভালোবেসে তাঁকে ডাকেন ‘দ্যা বেলজিয়ান ফ্ল্যাশ’ বলে।

আরও পড়ুন     ভারতে খেলতে আসছেন নেইমার! কবে? কাদের বিরুদ্ধে?

সম্ভবত তাঁর তীব্র গতিতে বিপক্ষের রক্ষণকে ভেদ করার ক্ষমতার জন্য এই নাম। এর অর্থ ‘বেলজিয়ান আলোর ঝলক’। সাধারণত বাঁ ও ডান প্রান্ত ধরে খেলতে পছন্দ করেন এই ফুটবলার। তবে, বাঁ প্রান্তে ইতিমধ্যে রয়েছেন জ্যাক গ্রিলিস। ফলে পরের মরশুমে ডোকুকে ডান প্রান্তে দেখতে পাওয়ার সুযোগ প্রবল। তরুণ ফুটবলারদের সুযোগ দেওয়ার ব্যাপারে নাম রয়েছে বর্তমান সিটি কোচ পেপ গুয়ার্দিওলার। এখন তাঁর প্রশিক্ষণে নিজেকে কতটা মেলে ধরতে পারেন তিনি সেটাই দেখার।

About Post Author