Home » সোনা জিতে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া

সোনা জিতে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া

সময় কলকাতা ডেস্ক,২৮ আগস্ট :  ৭৭ তম স্বাধীনতা দিবসের ঠিক ১৩ দিন পরে নীরজ চোপড়া ইতিহাস গড়লেন। দেশ স্বাধীন হয়েছে ৭৬ বছর আগে, নীরজ চোপড়া এমন এক বিরল কৃতিত্বের অধিকারী হলেন যা ১৪০ কোটির ভারতে এর আগে কেউ হন নি।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অলিম্পিক্স চ্যাম্পিয়ন নীরজ চোপড়া রবিবার ইতিহাস গড়লেন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। পুরুষদের জ্যাভলিন ফাইনালে ৮৮.১৭ মিটার থ্রো করে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে নিলেন। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে  সোনা জেতার রেকর্ড কোনও ভারতীয় ক্রীড়াবিদের ছিল না।

অলিম্পিক্স-এর পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা – এক্ষেত্রেও রেকর্ড গড়লেন নীরজ। ভারতীয় কোনও অ্যাথলেট এরকম কৃতিত্বের অধিকারী নন। তবে ভারতীয় ক্রীড়াবিদদের এই কৃতিত্ব আরও একজনের রয়েছে। তিনি অভিনব বিন্দ্রা। তিনি অবশ্য আগে জেতেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ, তার দু বছর পরে ২৫ বছর বয়সে আলিম্পিক্স সোনা জেতেন অভিনব বিন্দ্রা।নীরজ দু বছর আগেই অলিম্পিক্স পদক জিতেছিলেন।

রবিবার ২৫ বছর বয়সী নীরজ চোপড়া তার দ্বিতীয় প্রচেষ্টায় দিনের সেরা থ্রো করে সোনা জিতে নেন। প্রথম থ্রো ফাউল হয়েছিল, কিন্তু তারপরে ৮৮.১৭ মিটার, ৮৬.৩২ মিটার, ৮৪.৬৪ মিটার, ৮৭.৭৩ মিটার এবং ৮৩.৯৮ মিটার থ্রো করেন।

পাকিস্তানের বর্তমান কমনওয়েলথ গেমসের চ্যাম্পিয়ন আরশাদ নাদিম তার চেষ্টা করেছিলেন তাঁর এবছরের সেরা ৮৭.৮২ মিটার থ্রো করেন তিনি। নীরজ থাকায় রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় নাদিমকে। চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেজ ব্রোঞ্জ পেয়েছেন।

নীরজ চোপড়া ২০২১ সালে টোকিও গেমসে প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক ট্র্যাক এবং ফিল্ড স্বর্ণপদক বিজয়ী হয়েছিলেন, ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের রুপো পেয়েছিলেন। এবার তিনি বোঝালেন রুপো জেতার জন্য তিনি প্রতিযোগিতায় অংশ নেন না।

উল্লেখ্য ভারতের কিংবদন্তি লং জাম্পার অঞ্জু ববি জর্জ ২০০৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন।চেক প্রজাতন্ত্রের আইকনিক জান জেলেজনি এবং নরওয়ের আন্দ্রেয়াস থরকিল্ডসেনের পরে নীরজ চোপড়া ইতিহাসের তৃতীয় জ্যাভলিন থ্রোয়ার যিনি একই সাথে অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন। তবে পারফরমেন্সের বিচারে  জেলেজনি প্রকৃত অর্থেই সর্বকালের সেরা।জেলেজনি ১৯৯২, ১৯৯৬ এবং ২০০০ সালে অলিম্পিক্সে স্বর্ণ পদক জিতেছিলেন এবং ১৯৯৩, ১৯৯৫ এবং ২০০১ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছিলেন। থরকিল্ডসেন ২০০৮ অলিম্পিক্স এবং ২০০৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন।

রবিবার  নীরজ চোপড়া  আরেকটি কৃতিত্ব দেখালেন। জ্যাভলিনে সবধরণের প্রধান টুর্নামেন্টের খেতাব জিতে নিলেন।তিনি এশিয়ান গেমস (২০১৮) এবং কমনওয়েলথ গেমসে (২০১৮)  সোনা জিতেছেন। এছাড়া চারটি ব্যক্তিগত ডায়মন্ড লিগ মিটিং টাইটেল এবং গত বছর ডায়মন্ড লিগ চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন নীরজ।তিনি ২০১৬ সালে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নও হয়েছিলেন এবং ২০১৭ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলেন। নীরজের অভিধানিক অর্থ যাই হোক, নীরজ মানেই রেকর্ড।।

About Post Author