Home » নেপালকে হারিয়ে এশিয়া কাপের অভিযান শুরু পাকিস্তানের

নেপালকে হারিয়ে এশিয়া কাপের অভিযান শুরু পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩১ অগস্ট: এশিয়া কাপে দুরন্ত অভিযান শুরু পাকিস্তানের। বুধবার মুলতানে উদ্বোধনী ম্যাচে নেপালকে বিরাট রানের ব্যবধানে হারালেন বাবাররা। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। চেনা পিচে যদিও শুরুতেই তাল কাটে পাকিস্তান ব্যাটিং লাইনআপের। ৬.১ ওভারের মধ্যে দুই ওপেনার ফাকার জামান ও ইমাম-উল-হককে হারিয়ে চাপে পরে যায় পাকিস্তান। যদিও এই মুহুর্তের বিশ্বের সেরা একদিনের দলকে চাপে রাখতে পারেনি অপেক্ষাকৃত দুর্বল নেপাল। ম্যাচের হাল ধরেন অধিনায়ক বাবর আজম ও মহম্মদ রিজওয়ান।

৮৮ রানের জুটি গড়েন এই দুই অভিজ্ঞ ব্যাটার। ৫০ বল খেলে ৪৪ রান করে অনবহিতভাবে রান আউট হন রিজওয়ান। এক্ষেত্রে নেপালের ফিল্ডার দীপেন্দ্র সিং আইরির ফিল্ডিংয়ের প্রসংশা করতে হয়। এরপর সলমন আগাহকে ফিরিয়ে ম্যাচে ফেরে নেপাল। যদিও নেপালের লড়াই দীর্ঘস্থায়ী হয়নি। এরপর অধিনায়কের সঙ্গে ম্যাচের হাল ধরেন ইফতিখার আহমেদ। পঞ্চম উইকেটে ২১৪ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ব্যক্তিগত ১৩১ বলে ১৫১ রান করে ফেরেন বাবর। দীর্ঘ ইনিংসে ১৪ টি ৪ ও ৪ টি ৬ মারেন পাক অধিনায়ক। অপরপ্রান্তে ৭১ বলে ১০৯ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ইফতিখার। ৫০ ওভারে ৬ টি উইকেট হারিয়ে ৩৪২ রান তোলে পাকিস্তান।

আরও পড়ুন     একদা মেসির উত্তরসূরি! এবার যোগ দিলেন প্রিমিয়ার লিগের ক্লাবে

পাকিস্তানের ব্যাটারদের সৌজন্যে কাজটা সহজ হয়ে যায় বোলারদের। এমনিও পাকিস্তানের বোলিং অর্ডার এই মুহূর্তে অন্যতম বিশ্বের সেরা বোলিং লাইনআপ। শাহীন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, নাদিম শাহ, শাদাব খানে দাপটে ২৩.৪ ওভারে ১০৪ রানে শেষ হয়ে যায় নেপালের ইনিংস। শাদাব ৪ টি, শাহীন ও রউফ ২ টি করে, নাদিম ও নওয়াজ ১ টি করে উইকেট নেন। নেপালের হয়ে সোমপাল কামি ও আরিফ শেখ কিছুটা লড়াই করলেও, তা ম্যাচ জেতানো তো দূরে থাক ন্যূনতম লড়াই ম্যাচে টিকে থাকার জন্য যথেষ্ট ছিলনা। ১৫১ রান করে ম্যাচে সেরা হন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

About Post Author