সময় কলকাতা ডেস্ক, ২ সেপ্টেম্বর: প্রথমে পাটনা। তারপর বেঙ্গালুরু, মুম্বই। এবার মধ্যপ্রদেশে বসতে চলছে ইন্ডিয়া জোটের মেগা বৈঠক! সূত্র মারফত জানা গিয়েছে, মুম্বইয়ের পর মধ্যপ্রদেশে চতুর্থ দফা বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে এই ২৮টি বিরোধী জোটের। মধ্যপ্রদেশের ভোপালে চতুর্থ দফা বৈঠকে বসতে পারে ইন্ডিয়া জোট। চলতি বছরের নভেম্বর মাসেই বিজেপিশাসিত মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগেই ভোপালে বিরোধী জোটের মেগা বৈঠক হলে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, ৩১আগস্ট ও ১ সেপ্টেম্বর, এই দু’দিন মুম্বইতে বিরোধী জোটের মেগা বৈঠকের ডাক দিয়েছিলেন উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ার। আয়োজকের তালিকায় নাম ছিল কংগ্রেসও। এই বৈঠকের আয়োজন করা হয়েছিল মুম্বইয়ের সান্তাক্রজ এলাকার বান্দ্রা কুর্লা রোডের গ্র্যান্ড হায়াত হোটেলে।জোটের বার্তাবাহী ‘জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া’ নামের স্লোগানও চালু করা হয়। শুক্রবারের বৈঠকে আঞ্চলিক স্তরের বোঝাপড়া নিয়েও কথা হয়।

মুম্বইতে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকে ১৪ সদস্যের কো-অর্ডিনেশন কমিটিও গঠন করে ‘ইন্ডিয়া’। জানা গিয়েছে, এই কমিটিই আপাতত জোটের সর্বোচ্চ নীতি নির্ধারকের ভূমিকা পালন করবে। তৃণমূলের তরফে এই কমিটিতে রয়েছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই কমিটিতে সিপিআইএম-এর সম্পাদক সীতারাম ইয়েচুরি বা তাঁর দলের কারও নাম নেই। এখনও পর্যন্ত কমিটির চেয়ারম্যান হিসাবে কারও নাম ঘোষণা করা হয়নি। কমিটির বাকি সদস্যরা হলেন, কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, আরজেডির তেজস্বী যাদব, এনসিপি প্রধান শরদ পাওয়ার, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত, জেডিইউ নেতা লল্লন সিং, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, আপ সাংসদ রাঘব চড্ডা, সমাজবাদী পার্টির নেতা যাদব আলি খান, সিপিআই নেতা ডি রাজা, ডিএমকে নেতা টি আর বালু, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
আরও পড়ুন লিপস অ্যান্ড বাউন্ডসের ডাউনলোড হওয়া ১৬টি ফাইল দেখতে চাইল কলকাতা হাইকোর্ট

কমিটির মূল কাজ আসন সমঝোতা নিয়ে শরিক দলগুলির মধ্যে বোঝাপড়া গড়ে তোলা। ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই কাজ শেষ করতে বলা হয়েছে। এদিনের এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২ অক্টোবর গান্ধি জয়ন্তীর দিন জোটের ইস্তাহার প্রকাশ করে দেওয়া হোক। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে সব দলকে অভিন্ন ন্যূনতম কর্মসূচি প্রকাশের বিষয়ে মতামত জমা করার পরামর্শ দেন। তবে, এদিন লোগো উন্মোচন কর্মসূচি বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, শেষ মুহূর্তে লোগোর ডিজাইন পরিবর্তনের প্রস্তাব এসেছে কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে। কার্যত সেকারণেই আপাতত এই বৈঠকে লোগো প্রকাশ করা হচ্ছে না বলেই সূত্রের খবর।


More Stories
কেরলের নামবদল : প্রেক্ষাপট ও বিতর্ক
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর