সানি রায়, সময় কলকাতা : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের আসছেন। শুভেন্দুর উত্তরবঙ্গ সফরে প্রধান একটি কর্মসূচি জল্পেশ মন্দিরে আগমন। মুখ্যমন্ত্রীর জল্পেশ মন্দিরে আগমন ঘিরে আগাম প্রস্তুতি হিসাবে বেশ কিছু কর্মযজ্ঞ জোরকদমে চলছে যার মধ্যে অন্যতম হেলিপ্যাড তৈরির কাজ।
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে এই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে। জানা গেছে, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে পুজো দিতে আগামীকাল আসবেন তিনি। আর তাঁর আগে জল্পেশ মেলা মাঠে এলাকায় জোরকদমে শুরু হয়েছে হেলিপ্যাড তৈরির প্রস্তুতি।
হেলিপ্যাড নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার নিতাই দত্ত জানিয়েছেন, গতকালই তাঁরা এই কাজের ওয়ার্ক অর্ডার হাতে পেয়েছেন। এরপর সময় নষ্ট না করে গত রাতেই প্রায় ৭০ জন শ্রমিককে সাথে নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করা হয়েছে। তিনি আশাবাদী যে রবিবার বিকেল বা সন্ধ্যার মধ্যেই পুরো কাজ সম্পন্ন হয়ে যাবে।
সূত্রের খবর জল্পেশ মেলা মাঠেই মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারটি অবতরণ করবে এবং সেখান থেকে তিনি সরাসরি জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবেন। পাশাপাশি আজ বিকেলের দিকেই এই নবনির্মিত হেলিপ্যাডের ট্রায়াল রান বা পরীক্ষামূলক অবতরণ করা হতে পারে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জল্পেশ মন্দির চত্বর এবং মেলার মাঠ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক নজরদারি ব্যাপক হারে বৃদ্ধি করা হয়েছে।।


More Stories
রাতারাতি আট চিকিৎসক বদলি, চিকিৎসা সংকটে ধুপগুড়িবাসী
শিক্ষা ও স্বাস্থ্যর অধিকার চাইছেন পুনর্বাসন পাওয়া বনছায়া বস্তির বাসিন্দারা
ডুয়ার্সে সফল আয়ুষ্মান ভারত প্রকল্প