স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ সেপ্টেম্বর: ডুরান্ড ফাইনালের ডার্বি শেষ হলেও, উত্তেজনা থামার লক্ষণ নেই। ম্যাচের দিন বিপক্ষের ফরওয়ার্ড কামিংস, পেত্রাতোস, সাদিকু আতঙ্ক এতটা গ্রাস করেনি ইস্টবেঙ্গলকে। যতটা করেছে ম্যাচ শেষে কাদাপাড়া আতঙ্ক। ম্যাচ শেষে ফেরার সময় কাদাপাড়া অঞ্চলে তাঁদের সমর্থকদের উপর মোহনবাগান সমর্থকদের হামলার অভিযোগ তুলেছে লাল হলুদ। শুধু তাই নয় এবিষয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে লাল-হলুদ কর্তারা।
@KolkataPolice @KPTrafficDept – Can we take necessary actions against this brutality and hooliganism? How long this continue? #MohunBaganSG supporters of Kadapara have been doing this for decades long. No law & order!! It's only one area in Kolkata… Shameful!! ???????? pic.twitter.com/fZj1T1VBB8
— Prantik Basu (@basupr) September 4, 2023
বড় ম্যাচ নিয়ে উত্তেজনা থাকবে। এটাই স্বাভাবিক। কিন্তু উত্তেজনা যখন হিংসায় পরিণত হয়, তখন তার পরিণাম ভয়ংকর। রবিবার রাতে সেরকম ভয়ংকর অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছিল ইস্টবেঙ্গল সমর্থকদের। ইস্টবেঙ্গল সমর্থকদের অভিযোগ, ম্যাচ শেষে বাড়ি ফেরার সময় কাদাপাড়া অঞ্চলে তাঁদের উপর হামলা চালানো হয়।

আরও পড়ুন ডুরান্ড ফাইনালের পর ফের ধাক্কা ইস্টবেঙ্গলের
যুবভারতীর অদূরে অবস্থিত এই কাদাপাড়া অঞ্চল। স্বভূমির সংলগ্ন ফুলবাগান থেকে বাইপাস সংযোগকারী রাস্তা। ওই অঞ্চলে মোহনবাগান সমর্থকদের সংখ্যা বেশি থাকায় প্রায় ডার্বির দিন এই অঞ্চলে অশান্তির সৃষ্টি হয়। রবিবারও তাঁর ব্যতিক্রম হয়নি। ইস্টবেঙ্গলের অভিযোগ লাঠি, রড দিয়ে তাঁদের সমর্থকদের উপর হামলা করা হয়। ইস্টবেঙ্গল সমর্থক বোঝাই ম্যাটাডোরে পাথর ছোড়া হয়। সমর্থকদের জার্সি ছিড়ে দিয়ে তাঁদের শারীরিক নিগ্রহ করা হয়। ক্লাবের পতাকাও ছিড়ে ফেলা হয়। এই আক্রমণের হাত থেকে নিস্তার পাননি মহিলা সমর্থকরাও।

সোমবার সাংবাদিক সম্মেলন করে এমন বিস্ফোরক অভিযোগ করলেন ক্লাব কর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, ” এমন ঘটনাকে আমরা সমর্থন করছি না। ক্লাবের সমর্থকরা জড়িত থাকলে সেটারও নিন্দা করছি। আমরা শান্তি শৃঙ্খলা চাই। মাঠের ভিতর লড়াই ও মাঠের বাইরে শান্তি চাই।” পাশাপাশি এনিয়ে ক্লাব মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে বলেও জানিয়েছেন ক্লাব কর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, ” এই ঘটনা বন্ধ হওয়া দরকার। আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছি। তাঁকে সবটাই জানাব।” আহত সমর্থকদের চিকিৎসার ব্যবস্থা ক্লাবের তরফে করা হবে বলেও জানিয়েছেন ইস্টবেঙ্গল কর্তা। তাঁদের বুধ এবং বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে সন্ধে ৭টার মধ্যে ক্লাবে আসতে বলা হয়েছে। ইতিমধ্যে ঘটনা নিয়ে বিধাননগর পুলিশ কমিশনারকে জানানো হয়েছে। ক্লাব সূত্রের খবর এবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে ক্লাব।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার