Home » লিপস অ্যান্ড বাউন্ডসের ডাউনলোড করা ফাইল তদন্তে ব্যবহার করা যাবে না, ইডিকে নির্দেশ হাইকোর্টের

লিপস অ্যান্ড বাউন্ডসের ডাউনলোড করা ফাইল তদন্তে ব্যবহার করা যাবে না, ইডিকে নির্দেশ হাইকোর্টের

সময় কলকাতা ডেস্ক, ৪ সেপ্টেম্বর: লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসের কম্পিউটারে ডাউনলোড করা বিতর্কিত ১৬টি ফাইল প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। এবার এমনটাই স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, ইডি সহ কোনও তদন্তকারী সংস্থাই প্রমাণ স্বরূপ ওই ফাইলগুলি ব্যবহার করতে পারবে না। সোমবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দেওয়ার পাশাপাশি সরাসরি সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির কাছ থেকে ওই ১৬টি ফাইলের তথ্য জানতে চেয়েছেন। মঙ্গলবার এ বিষয়ে সিএফএসএল-কে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এদিকে ১৬টি ফাইল কীভাবে এল লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার কম্পিউটারে, লালবাজারের তরফে সেই প্রশ্ন ইডির কাছে জানতে চাওয়া হয়েছিল আগেই। সেই প্রশ্নের উত্তরে ইডি জানিয়েছিল, মিথিলেশ কুমার মিশ্র নামে তাঁদের এক অফিসার নিজের মেয়ের হস্টেলের খোঁজ করছিলেন সংস্থার কম্পিউটার থেকে। সেসময়ই ডাউনলোড হয়ে যায় ফাইলগুলি। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি।


এদিকে,‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র অফিসের ফাইল ডাউনলোড বিতর্কের মাঝেই সোমবার ইডির এক আধিকারিককে কলকাতা থেকে গুয়াহাটিতে বদলি করা হয়েছে। ইতিমধ্যেই গুয়াহাটির ইডি অফিসে সেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যোগ দিয়েছেন। তবে এই বদলি নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, যে অফিসার কলকাতা থেকে গুয়াহাটিতে যোগ দিয়েছেন, ওই অফিসার লিপস অ্যান্ড বাউন্ডডসের অফিসে তল্লাশির সময় ছিলেন। সেই তল্লাশিতেই অনৈতিকভাবে ফাইল ডাউনলোড করার অভিযোগ উঠেছিল। ইডি অফিসারদের দাবি, ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র অফিসের ফাইল ডাউনলোডের সঙ্গে অফিসারের গুয়াহাটি যোগ দেওয়ার কোনও সম্পর্ক নেই। ওই অফিসারের ২ বছর আগে গুয়াহাটি বদলি হয়েছিল। গত এপ্রিল মাসে তাঁকে কলকাতা শাখা থেকে ছেড়ে দেওয়া হলে তিনি গুয়াহাটিতে যোগ দেন। কিন্তু তদন্তের প্রয়োজনে তাঁকে ২ মাসের জন্য কলকাতা নিয়ে আসা হয়েছিল।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থায় সন্দেহজনক লেনদেনের হদিশ পেয়েছিল ইডি। তারপরই গত ২৬ আগস্ট লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার হিসেবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁদের কাছে সংস্থার কম্পিউটারে ১৬টি নতুন ফাইল চলে এসেছে। এই ফাইলগুলি তাঁদের কাছে নতুন।

আরও পড়ুন    স্বাদ বদলাতে নৈশভোজে চটজলদি বানিয়ে ফেলুন মালাই মটন

জানা গিয়েছে, ২২ আগস্ট রাত ১২টার থেকে ১২ টা ১১ মিনিটের মধ্যে ওই ফাইলগুলি ডাউনলোড করা হয়েছে বলে দাবি অভিযোগকারীর। তিনটি ডেস্কটপ ইডি খতিয়ে দেখেছে এবং একটি ডেস্কটপের হার্ডডিস্ক বাজেয়াপ্ত করেছে। বাকি দুটি ডেস্কটপ অফিসে দেখার সময়েই এই ১৬টি নতুন ফাইলের বিষয় তাঁদের নজরে আসে। সেই সময়েই এই নতুন মাইক্রোসফ্ট এক্সেল ফাইল তৈরি হয়েছে বলে অভিযোগ চন্দন বাবুর। ইতিমধ্যেই লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি চালিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট বাজেয়াপ্ত করে ইডি। একইসঙ্গে আরও অনেক নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলেই জানা গিয়েছে।

About Post Author