Home » ‘বিগ বি’ কে বিশেষ উপহার বিসিসিআইয়ের

‘বিগ বি’ কে বিশেষ উপহার বিসিসিআইয়ের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ সেপ্টেম্বর: ৮০ বছরেও চির তরুণ। এখনও বি-টাউনের শেষ কথা। জনপ্রিয়তায় লাইভ, ক্যামেরা, অ্যাকশনের গণ্ডি অতিক্রম করেছেন বহুকাল আগেই। তিনি অমিতাভ বচ্চন। সিনেমার ডায়লগ থেকে জাতীয় দলের হয়ে ইডেনে জাতীয় সঙ্গীত গাওয়া তিনি সমানভাবে সাবলীল। ভারতের কিংবদন্তি শিল্পীকে এবার সম্মান জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড। মঙ্গলবার ভারতীয় দল ঘোষণার দিন অমিতাভের বাড়ি পৌঁছে যান বোর্ড সচিব জয় শাহ। তারপর বলিউডের শাহেনশার হাতে তুলে দেন বিশ্বকাপের গোল্ডেন টিকিট। বিশ্বকাপের সবগুলি ম্যাচ মাঠে উপস্থিত থেকে দেখতে পারবেন বিগ বি।

আরও পড়ুন    প্রকাশিত হল এশিয়া কাপের সুপার ফোরের ক্রীড়াসূচি, কবে বাবারদের মুখোমুখি রোহিতরা? জেনে নিন….

তবে কি এই গোল্ডেন টিকিট?

চলতি বছরের শেষে আইসিসি একদিনের বিশ্বকাপের আসর বসছে ভারতে। ফলে বিসিসিআইয়ের উপর বাড়তি চাপ রয়েছে। বিশ্বকাপকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিতে কোনও কসুর করতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রতিযোগিতার জনপ্রিয়তা বাড়াতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে খ্যাতনামী ব্যক্তিদের মাঠে টানতে মরিয়া বিসিসিআই। তাঁদের জন্য ব্যবস্থা করা হয়েছে এই গোল্ডেন টিকিটের। এই টিকিট থাকলে স্টেডিয়ামের ভিআইপি গেট দিয়ে প্রবেশ করার সুযোগ পাবেন সংশ্লিষ্ট ব্যক্তি।

শুধু তাই নয় ভিআইপি বক্সে বসে ম্যাচ উপভোগ করার পাশাপাশি বিশেষ সম্মান পাবেন তাঁরা। এই নিয়ম দেশের সব স্টেডিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেই বিশেষ গোল্ডেন টিকিট প্রথম পেলেন বিগ-বি। দেশের এই কিংবদন্তি শিল্পীর হাতে বোর্ড সচিবের গোল্ডেন টিকিট তুলে দেওয়ার ছবি শেয়ার করেছে বিসিসিআই। সেখানে লেখা হয়েছে, ” গোল্ডেন আইকনের জন্য গোল্ডেন টিকিট। বিসিসিআই সচিব এই গোল্ডেন টিকিট তুলে দিলেন সহস্রাব্দের সেরা তারকা অমিতাভ বচ্চনের হাতে। তাঁর হাতে এই টিকিট তুলে দিয়ে আমরা গর্বিত।”

আরও পড়ুন    ইস্টবেঙ্গলে কি আসবেন প্যালেস্টাইনের সেন্টার ব্যাক!

বিসিসিআইয়ের হাত থেকে বিশেষ পুরস্কার পেয়ে খুশি বিগ-বি। ভারতীয় দলের ম্যাচ থাকলে হাজার কর্মব্যস্ততা উপেক্ষা করে স্টেডিয়ামে পৌঁছে যান তিনি। উদ্বোধনী সঙ্গীত থেকে শুরু করে ক্রিকেটারদের উৎসাহিত করতে অতীতে দেখা গিয়েছে সিনিয়র বচ্চনকে। তাঁর সঙ্গে একাধিক ক্রিকেটারের ব্যক্তিগত স্তরে সম্পর্কও বেশ মধুর। দেশের মাটিতে এবার বসছে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি যাতে নির্বিঘ্নে মাঠে পৌঁছে যেতে পারেন সেজন্য বিশেষ ব্যবস্থা নিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

About Post Author