স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ সেপ্টেম্বর: বান্ধবী নিগ্রহ মামলায় অভিযুক্ত ব্রাজিলের তারকা ফুটবলার অ্যান্টনি। গত মরশুমে অনেক ঢাকঢোল পিটিয়ে আয়াখস থেকে তাঁকে দলে নেয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। খরচ হয়েছিল প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড। তবে এক বছর কাটতে না কাটতে তিনিও বিতর্কে জড়ালেন। সম্প্রতি বান্ধবী-সহ একাধিক নারী ব্রাজিলের এই উইঙ্গারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছে। এনিয়ে গত ৩ বছরে ইউনাইটেডের দুজন ফুটবলার এই অভিযোগে অভিযুক্ত হলেন। প্রথম জন অবশ্যই ইংল্যান্ডের ম্যাসন গ্রিনউড।

বান্ধবীকে নিগ্রহ করে আগেই জাতীয় ও ক্লাবের দল থেকে বাদ পড়েছিলেন ইংল্যান্ডের যুব ফুটবলার গ্রিনউড। তাঁর অভাব পূরণের জন্য ইউনাইটেড দলে নেয় অ্যান্টনিকে। তবে মরশুম ঘুরতে না ঘুরতে তিনিও জড়ালেন সেই এক বিতর্কে। অ্যান্টনির বিরুদ্ধে এই গুরুতর অভিযোগটি প্রথম করেন সাউ পাউলোর মডেল কাভারিল। শুধু কাভারিল নয় একাধিক নারী ব্রাজিলের ফুটবলারটির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন অ্যান্টনি। তবুও জাতীয় দলের থেকে বাদ পড়তে হয় তাঁকে। এবার আরও বিপদ বাড়ল তাঁর।
আরও পড়ুন যুক্তরাষ্ট্র ওপেনে স্বমহিমায় জোকার, জিতলেন জীবনের ২৪ তম গ্র্যান্ডস্লাম

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও এবার বিবৃতি দিয়ে অনির্দিষ্ট সময়ের জন্য তাঁকে নিলম্বিত করার সিদ্ধান্ত নিল। এই সময়কালের মধ্যে তিনি দলের সঙ্গে প্র্যাকটিসে যোগ দিতে পারবেন না। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, “ক্লাব হিসেবে আমরা হিংসাত্মক ও অবমাননাকর আচরণের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে আক্রান্ত সবাইকে রক্ষা করতে গুরুত্ব দিয়ে থাকি । যারা এধরনের অভিযোগে কিংবা অপব্যবহারের শিকার হয়েছেন, তাদের উপর যে এটির প্রভাব পড়ে তা আমরা স্বীকার করি।’ ক্লাবের নেওয়া সিদ্ধান্ত মেনে নিয়েছেন অ্যান্টনি। তিনি দাবি করেছেন তাঁকে পরিকল্পনা করে নিশানা করা হচ্ছে। দ্রুত আইনি জটিলতা কাটিয়ে বল পায়ে মাঠের নামার ব্যাপারে আশাবাদী তিনি।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত