Home » বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতে পাওয়ার লিফটার মৌমিতা আবার ভারতের গৌরব বাড়ালেন

বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতে পাওয়ার লিফটার মৌমিতা আবার ভারতের গৌরব বাড়ালেন

সময় কলকাতা ডেস্ক, ১২ সেপ্টেম্বর : ভারতের মুখ অনেকেই উজ্জ্বল করেন। বিজ্ঞান, সাহিত্য বা ক্রীড়া – সর্বত্র অনেক মুখ রয়েছেন, যারা দেশের মুখ উজ্জ্বল করেছেন। তবুও মৌমিতা যেভাবে দেশের হয়ে সাফল্য আনছেন, সেভাবে আর্থিক প্রতিবন্ধকতা কাটিয়ে ক্রীড়াক্ষেত্রে দেশের মুখ ক’জন উজ্জ্বল করেছেন তা বলা খুব মুশকিল। পাওয়ার লিফটিং বা ভারোত্তোলনে তিনি  অন্য প্রতিবন্ধকতা ও যেভাবে হেলায় দূর করে যেভাবে একের পর এক সাফল্য আনছেন তার জুড়িও মেলা ভার। পাওয়ার লিফটিং-এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ তাঁর মুকুটে সাম্প্রতিকতম পালক। উত্তর চব্বিশ পরগনার একুশ বছরের মৌমিতার হৃদয়পুরের বাড়িতে সোনা-রুপো-ব্রোঞ্জের পদকের ছয়লাপ।

মৌমিতার সাফল্য ধারাবাহিক। মৌমিতা সর্বভারতীয় স্তরে সর্বোচ্চ সাফল্য পেয়েছেন,আন্তর্জাতিক স্তরেও সাফল্য পেয়েছেন, এবারের সাফল্যের তাৎপর্য ছিল অন্যমাত্রার। বিশ্বের সেরাদের পেছনে ফেললেন তিনি। যদিও শেষ দুইয়ের লড়াইয়ে দুর্ভাগ্যক্রমে উঠতে না পারলেও ইউক্রেনের প্রতিযোগীকে হারিয়ে নিজের ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন। মৌমিতার লক্ষ্য সুদূরপ্রসারী। প্রতিবন্ধকতা অর্থ। নেই সরকারি আনুকূল্য। তবে, হৃদয়পুরের মেয়েটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় এক ব্যবসায়ী।  এমনকী মৌমিতা পাশে পেয়েছেন পুরসভাকে।

এভাবেই কোনওক্রমে বড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার রসদ নিয়ে একের পর এক সাফল্য আনছেন মৌমিতা। অথচ তিনি তাঁর বিভাগে ভারত সেরা। তাঁর এভাবে সহায়তার মুখাপেক্ষী  হয়ে থাকার কথাই নয়। এর আগেও চারবার তিনি আন্তর্জাতিক স্তরে সোনা জিতেছেন। কমনওয়েলথে সাফল্য এসেছে। অথচ ধার-দেনা করে তাঁকে বিদেশ যাত্রার কড়ি জোগাড় করতে হয়েছে। হাল না ছেড়ে কঠোর পরিশ্রম, অধ্যাবসায়, জেদ, অদম্য মনোবলকে সঙ্গী করে একের পর এক বাধার পাহাড় টপকে চলেছেন মৌমিতা। তাই সাফল্য বারবার ধরা দিচ্ছে তাঁর কাছে। সেজন্য রোমানিয়ায় গিয়ে তিনি দেশের গৌরব বাড়াতে পারছেন। তিনি বলেই  হয়ত পারছেন। মৌমিতা যে একজনই হয়!

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র ওপেনে নয়া কীর্তি ‘পরবর্তী সেরেনা’ কোকোর

About Post Author