Home » ‘ইন্ডিয়া’ জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির

‘ইন্ডিয়া’ জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির

সময় কলকাতা ডেস্ক, ১১ সেপ্টেম্বরঃ ১৩ সেপ্টেম্বর দিল্লিতে বসতে চলেছে ‘ইন্ডিয়া’ জোটের সমন্বয় কমিটির বৈঠক। এই কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে এই বৈঠকে তাঁর যোগ দিতে যাওয়ার কথা। তাৎপর্যপূর্ণভাবে সেইদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠাল ইডি। রবিবার সন্ধ্যাবেলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘১৩ সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক। আমি ওই কমিটির একজন সদস্য। ওইদিনই আমাকে তলব করেছে ইডি। একটু আগেই আমাকে ইডির তরফে নোটিস পাঠানো হল।’

 

জানা গিয়েছে, লিপস এন্ড বাউন্ডস সংস্থার একটি মামলার শুনানিতে ইডি জানিয়েছিল, এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ই ওই সংস্থার সিইও পদে রয়েছেন। এরপরেই হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, কেন অভিষেককে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হচ্ছে না। আগামী ১৪ সেপ্টেম্বর এ বিষয়ে তিনি ইডিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তার আগেই তলব করা হল অভিষেককে। জানা গিয়েছে, ২০১৬ সাল পর্যন্ত এই লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার অন্যতম ডিরেক্টর পদে ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁরই সংস্থা এসডি কনসালটেন্সি। ইডির চার্জশিটে বলা হয়েছে, বিভিন্ন দফায় এসডি কনসালটেন্সির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লিপ্স অ্যান্ড বাউন্ডস-এর অ্যাকাউন্টে টাকা জমা হয়।

আরও পড়ুন  ভারতের সৌর অভিযান আদিত্য এল1 সফল ভাবে এগোচ্ছে

২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের জানুয়ারি মাস পর্যন্ত ৯৫ লাখ ১ হাজার টাকা সেই অ্যাকাউন্টে জমা পড়েছে বলেই সূত্রের খবর। সুজয়কৃষ্ণ ভদ্র ছিলেন অভিষেকের অফিসের কর্মচারী। ইডি সূত্রে জানা গিয়েছে কালীঘাটের কাকু একাধিক কোম্পানির সঙ্গে জড়িত রয়েছে। লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড-এর এএমডি পোস্টে ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কোম্পানিরই ডিরেক্টরস বোর্ডের একটি তালিকায় নাম ছিল সুজয়কৃষ্ণ ভদ্রের। কিন্তু,লোকসভা ভোটের আগেই এই কোম্পানি থেকে ইস্তফা দেন কালীঘাটের কাকু। প্রাথমিক তদন্তে ইডি-র অনুমান,কালীঘাটের কাকু একাধিক কোম্পানির মাধ্যমে ঘুরপথে কালো টাকা সাদা করত।

About Post Author