স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ সেপ্টেম্বর: এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে নাস্তানাবুদ করে জয় ভারতের। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ৩৫৬ রান তোলে ভারত। সৌজন্যে বিরাট ও রাহুলের জোড়া শতরান। ৩৫৭ রান তাড়া করতে নেমে মাত্র ১২৮ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ভারতের হয়ে কুলদীপ যাদব নেন ৫ উইকেট। ২২৮ রানে ম্যাচ জিতে নেয় রোহিত বাহিনী। অবশেষে শেষ হল এশিয়া কাপের সুপার ফোরে ভারত পাক মহাদ্বৈরথ। শ্রীলঙ্কার প্রেমদাসা স্টেডিয়ামে ভারত পাকিস্তান সুপার ফোরের ম্যাচ শুরু হয়েছিল রবিবার। ২৪.১ ওভার পর বৃষ্টির জন্য খেলা ভেস্তে যায়।

রবিবার যেখানে শেষ হয়েছিল, সোমবার সেখান থেকে শুরু হল ম্যাচ। টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠান পাক অধিনায়ক বাবর আজম। ক্যান্ডিতে বাবরের প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত কাজে লেগেছিল। প্রেমদাসায় তাঁর সিদ্ধান্ত যে বুমেরাং হবে বুঝতে পারেননি বাবর। প্রেমদাসায় শেষ তিন ম্যাচে তিনটিতে জিতেছে ভারত। পয়মন্ত এই মাঠে এই ম্যাচেও শুরু থেকে দাপট দেখাল মেন ইন ব্লু শিবির। রবিবার ভারতের ইনিংসের ভিত তৈরি করে দিয়েছিলেন দুই ওপেনার রোহিত ও গিল। সোমবার সেই ভিতকে কাজে লাগিয়ে রানের হাইরাইজ তৈরি করলেন বিরাট ও রাহুল।

পাকিস্তান সুপার ফোরে একজন বাড়তি পেসার নিয়ে খেলছে। যদিও সোমবার ম্যাচের ঠিক আগে চোটের জন্য ছিটকে যান হ্যারিস রউফ। তাঁকে পরিবর্তন করার সুযোগ পায়নি পাক শিবির। ফলে সোমবার বল করতে দেখা যায়নি রউফকে। পাকিস্তানের আগ্রাসী বোলিং লাইনআপ ভারতের দুই ব্যাটারের সামনে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। পাকিস্তানের স্বপ্নের বোলিং লাইনআপকে ক্লাব স্তরে নামিয়ে আনলেন ‘বি-রা’ জুটি। মার্চ মাসের পর জাতীয় দলের হয়ে ম্যাচ খেললেন রাহুল। নিজেকে জাতীয় দলের অ্যাকাডেমিতে যে ঘষেমেজে তৈরি করেছেন, ম্যাচে তার ঝলক দেখা গেল। প্রতিটি শট খেললেন আত্মবিশ্বাসের সঙ্গে। রাহুলের আত্মবিশ্বাস বাড়তি উৎসাহ জোগায় বিরাটকে।
আরও পড়ুন ইডির তলবে সাড়া, ফ্ল্যাট প্রতারণা মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন নুসরত জাহান

এই ম্যাচে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ভারতীয় শিবিরকে। এই জুটিতে স্কোরবোর্ডে তুললেন ২৩৩ রান। ১০৬ বলে ১১১ রানে অপরাজিত রইলেন রাহুল। রাহুলের ইনিংস সাজালেন ১২ টি চার ও ২ টি ছয়ের সাহায্যে। বিরাট খেললেন অপরাজিত ৯৪ বলে ১২২ রানের ইনিংস। বিরাট মারলেন ১২ টি চার ও ২ টি ছয়। এই ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি ১৩ হাজার রানের ক্লাবে ঢুকে পড়লেন বিরাট। ২ উইকেট হারিয়ে ৩৫৬ রান তোলে ভারত। একদিনের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে এটিই ভারতের সর্বোচ্চ রান। ৩৫৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় পাকিস্তান।

প্রথম ১২ ওভারের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারায় পাক শিবির। ব্যক্তিগত ৯ রানের মাথায় ইমামকে ফেরান বুমরা। রান পাননি পাক অধিনায়ক বাবর। ১০ রান করে হার্দিকের ইনসুইংয়ে বোল্ড হন তিনি। ২ রান যোগ করে শার্দুলের বলে রিজওয়ান ফিরতে ম্যাচের ভাগ্য মোটামুটি নিশ্চিত হয়ে যায়। বাকি ম্যাচে পাকিস্তান ব্যাটারদের উপর দাপট দেখালেন কুলদীপ। ২৫ রান দিয়ে একাই ৫ উইকেট নিয়ে পাকিস্তানের মিডল ও লোয়ার অর্ডারে কম্পন ধরিয়ে দেন ভারতের এই মিস্ট্রি স্পিনার। পাক শিবিরের ব্যাটিং অর্ডারে কিছুটা লড়াই করেন ফাখার জামান, সালমান আঘা ও ইফতিখার আহমেদ। এই তিন ব্যাটার না থাকলে এদিন তিন অঙ্কের গণ্ডি পেরোনো মুস্কিল হত পাকিস্তানের কাছে। ইনিংসের মাঝপথে জাদেজার বলে সুইপ করতে গিয়ে চোখের পাশে চোট পান আঘা। চোট নিয়েই লড়াই করেন তিনি। ১২৮ রানে ৮ উইকেট পড়ার পর ম্যাচে হার স্বীকার করে নেয় পাকিস্তান। চোটের জন্য ব্যাট করতে নামেননি নাসিম শাহ এবং হ্যারিস রউফ।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার