Home » ইডির তলবে সাড়া, ফ্ল্যাট প্রতারণা মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন নুসরত জাহান

ইডির তলবে সাড়া, ফ্ল্যাট প্রতারণা মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন নুসরত জাহান

সময় কলকাতা ডেস্ক, ১২ সেপ্টেম্বরঃ জল্পনার অবসান! ফ্যাট প্রতারণা মামলায় ইডির তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। ফ্যাট প্রতারণা মামলায় মঙ্গলবার সকাল ১১টা নাগাদ অভিনেত্রীকে তলব করা হয়েছিল। সেইমত এদিন নির্ধারিত সময়ের আগেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন নুসরত। ফ্ল্যাট প্রতারণা মামলায় গত ৫ সেপ্টেম্বর বসিরহাটের তৃণমূল সাংসদকে তলব করে ইডি। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল আদেও ইডির ডাকে সাড়া দেবেন কিনা নুসরত। এদিন সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ ফ্ল্যাট থেকে বেরিয়ে সাদা গাড়িতে করে ইডি দফতরের উদ্দেশে রওনা দেন তিনি। যদিও সোমবার ফ্যাট প্রতারণা মামলার শুনানি ছিল নিম্ন আদালতে। আদালত জানিয়েছে, ‘এই মামলার পরবর্তী শুনানি আগামী ৪ ডিসেম্বর। ততদিন পর্যন্ত তৃণমূলের তারকা সাংসদকে আর আদালতে হাজিরা দিতে হবে না।’

জানা গিয়েছে, ২০১৪-১৫ সালে নুসরত ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ সংস্থার ডিরেক্টরের পদে ছিলেন। এই সংস্থাই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৫০০ জন কর্মীকে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণা করেছে বলেও অভিযোগ ওঠে। সূত্রের খবর, প্রথমে ওই ৫০০ জন ব্যাঙ্ক কর্মীকে ২ কামরার ফ্ল্যাট দেওয়ার নামে সাড়ে পাঁচ লক্ষ করে টাকা তুলেছিল। তাঁদেরকে বলা হয়েছিল গড়িয়াহাট এলাকায় একটি আবাসন তৈরি করে কম দামে ফ্ল্যাট দেওয়া হবে। কিন্তু সময় পেরিয়ে গেলেও ব্যাঙ্কের কর্মীরা ফ্ল্যাট পাননি।

আরও পড়ুন    বিশেষ অধিবেশনে মহারাষ্ট্র থেকে পৃথক হবে মুম্বই? কংগ্রেস নেতার মন্তব্যে তোলপাড় রাজ্য-রাজনীতি

এরপর তাঁদেরকে বলা হয়, গড়িয়াহাটে ওই আয়তনের জমি পাওয়া যাচ্ছেনা। হিডকোতে জমির মাপ বড়ো। সেখানে তিন কামরার ফ্ল্যাট দেওয়া হবে। কিন্তু, বছরের পর বছর কেটে গেলেও ফ্ল্যাট আর পাননি তারা। সংস্থার পক্ষ থেকে ক্রমশ টালবাহানা বাড়তে থাকায় ব্যাঙ্ক কর্মীরা প্রথমে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু গড়িয়াহাট থানার পুলিশ তাঁদের অভিযোগ গ্রহণ করেনি। এরপর অভিযোগকারীরা আলিপুর আদালতে গিয়ে নুসরত সহ সংস্থার বিরুদ্ধে মামলা ফাইল করে। সেই মামলার ভিত্তিতেই গোটা বিষয়টির তদন্তে নেমে নুসরত জাহানকে তলব করে ইডি। তারপরই সাংবাদিক বৈঠক করে অভিনেত্রী সমস্ত অভিযোগ অস্বীকার করেন। পাশাপাশি তদন্তে সহযোগিতা করবেন বলেও জানান।

About Post Author