স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ সেপ্টেম্বর: মাত্র ২৪ ঘণ্টার ব্যবধান। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে দাপট দেখিয়েছিলেন ভারতীয় ব্যাটাররা। তবে মঙ্গলবার দেখা গেল সম্পূর্ণ অন্য চিত্র। রোহিত, বিরাট, হার্দিক, রাহুল সমৃদ্ধ ভারতীয় ব্যাটিং লাইন আপ শেষ মাত্র ২১৩ রানে। সৌজন্যে একজন ২০ বছরের স্পিনার। নাম দুনিথ ওয়েল্লালাগে। ভারতীয় ব্যাটারদের রীতিমত নাস্তানাবুদ করলেন এই অনামী বাঁ-হাতি স্পিনার। তাঁর বলের রহস্য ভেদ করতে ব্যর্থ হল ভারতীয় ব্যাটাররা। প্রেমদাসার স্পিন সহায়ক পিচের কথা মাথায় রেখেও ২০ বছরের এই ওয়েল্লালাগের স্পিনে কৃতিত্বকে অস্বীকার করা যায় না।

আরও পড়ুন কুলদীপ -জাদেজা যুগলবন্দী, ৪১ রানে জিতে ভারত এশিয়া কাপের ফাইনালে
গত ম্যাচে যেখানে শেষ করেছিল ভারত, এদিন সেখান থেকে শুরু করতে চেয়েছিল। টসে জিতে তাই ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। রোহিত গিল জুটি এদিনও আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করেন। ১১.১ ওভারে ৮০ রান তোলে ভারত। একটা সময় মনে হচ্ছিল ফের বড় রানের দিকে এগোচ্ছে ভারত। তখনই শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান ওয়েল্লালাগে। গিল-কোহলি-রোহিত ও রাহুলকে ফিরিয়ে ভারতীয় ব্যাটিং অর্ডারের মেরুদন্ড ভেঙে দেন শ্রীলঙ্কার এই প্রতিভাবান স্পিনার। প্রথম বোলার হিসেবে ভারতীয় ব্যাটিং অর্ডারের প্রথম চারজন ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে নজির সৃষ্টি করলেন তিনি। হার্দিককে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট নেওয়া সম্পন্ন করেন শ্রীলঙ্কার এই বিস্ময় ক্রিকেটার।

দুনিথ ওয়েল্লালাগের জন্ম ২০০৩ সালে। ২০২২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছিলেন বাঁ হাতি অর্থডক্স স্পিনার। প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়ে সকলে চমক দিয়েছিলেন। গত বছর জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয়। ভারতের বিপক্ষে নামার আগে একদিনের ক্রিকেটে ১২ ম্যাচ খেলে নিয়েছেন ১৩ টি উইকেট। গড় ৩০.৩৮। স্ট্রাইক রেট ৩৩.২। মঙ্গলবার ভারতের বিপক্ষে নিজের সেরা বোলিংটা করলেন। ১০ ওভারে ৪০ রান খরচ করে নিলেন ৫ টি উইকেট। শুধু বোলিং নয় ব্যাটিংয়েও বেশ সপ্রতিভ দুনিথ। ভারতের বিপক্ষে তাঁরও প্রমাণ দিলেন। যেখানে তাঁর সতীর্থরা ভারতীয় বোলিংয়ের সামনে ধরাশায়ী হলেন, সেখানে ৪৬ বলে করলেন ৪২ রান করে অপরাজিত থাকলেন। এরকম ভাবে চলতে থাকলে মুরলী, সাঙ্গাকারা, জয়সূর্যদের দেশ থেকে যে বিশ্বক্রিকেট আরও একজন প্রতিভাবান ক্রিকেটার পাবে তা বলার অপেক্ষা রাখে না।


More Stories
বর্ণময় কোচিং জীবনের শেষবেলায় হাভাস কি পারবেন ইস্টবেঙ্গলকে সফল করতে ?
শেফালী -রাধায় বাংলাদেশ চূর্ণ
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা