Home » বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে জয় ব্রাজিল-আর্জেন্টিনার

বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে জয় ব্রাজিল-আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ সেপ্টেম্বর: ২০২৬ আমেরিকা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে স্বস্তির জয় বিশ্বচ্যাম্পিয়ন্স আর্জেন্টিনার। ভারতীয় সময় বুধবার মধ্যরাতে লাপাজের এস্তাদিও হার্নান্দো সাইলস স্টেডিয়ামে নামে আকাশী সাদা জার্সিধারীরা। প্রতিপক্ষ বলিভিয়া। বলিভিয়ার এই মাঠ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার মিটার উচ্চতায় হওয়ায় কিছুটা অস্বস্তিতে পড়তে দি মারিয়া, এনঞ্জো ফার্নান্দেজদের। তবে উচ্চতাজনিত অস্বস্তি কাটিয়ে মাঠের মধ্যে চেনা ছন্দে পাওয়া গেল মেসিবিহীন আর্জেন্টিনাকে। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তাতে জিততে অসুবিধে হয়নি লিওনেল স্কালনির দলের।

মেসির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন আর এক অভিজ্ঞ ফুটবলার অ্যাঞ্জেল দি মারিয়া। বিশ্বকাপ জয়ের পর থেকে একটা আলাদা আত্মবিশ্বাস কাজ করছে গোটা দলটির মধ্যে। বলিভিয়া ম্যাচেও প্রায় ৬০ শতাংশ বল নিজেদের দখলে রাখে। ম্যাচের প্রথম গোল পেতে বিশ্বজয়ীদের অপেক্ষা করতে হয় ৩১ মিনিট পর্যন্ত। দি মারিয়ার পাস থেকে অনবদ্য ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন চেলসি মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজ। এরপর ম্যাচের ৩৯ মিনিটে বলিভিয়ার রবার্তো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড ও লালকার্ড দেখে মাঠ ছাড়েন। দশজন নিয়ে আরও বিপাকে পড়ে যায় বলিভিয়া। সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে ম্যাচের ফল ২-০ করেন তালিয়াফিকো।

আরও পড়ুন     ওয়েল্লালাগের স্পিনে কুপোকাত ভারতের বিশ্বমানের ব্যাটিং লাইনআপ, কে এই ওয়েল্লালাগে? 

প্রথমার্ধে স্কোরবোর্ডে পরিবর্তন হয়নি। দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে নিকোলাস গঞ্জালেস গোল করে আলসেবেস্তেদের হয় নিশ্চিত করেন। ইকুয়েডরের বিরুদ্ধে গত ম্যাচে মেসির করা একমাত্র গোলে কষ্টার্জিত জয় পায় আর্জেন্টিনা। তবে বলিভিয়ার বিরুদ্ধে জয় দলকে স্বস্তি দেবে। টানা দ্বিতীয় ম্যাচ জিতে বাছাই পর্বের তালিকার দুই নম্বরে রইল আর্জেন্টিনা। এই তালিকার শীর্ষে রয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার বাছাই পর্বের অন্য একটি খেলায় শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। বুধবার ভারতীয় সময় ভোরবেলা সেলেকাওদের প্রতিপক্ষ ছিল পেরু।

লিমার এস্তাদিও ন্যাশানাল দে লিমা স্টেডিয়ামে পেরুকে হারাতে কালঘাম ছুটে গেল ব্রাজিলের। ম্যাচে আধিপত্য নিয়ে খেললেও গোলের মুখ খুলতে পারছিলেন না নেইমাররা। ম্যাচে ৬৩ শতাংশ বল নিজেদের দখলে রাখলেও, মাত্র ৩ টি গোলমুখী শট মারতে সক্ষম হয় ব্রাজিল। ম্যাচ যখন অমীমাংসিতভাবে শেষ হওয়ার পথে এগোচ্ছে, দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ের একদম শেষের দিকে কর্নার পায় ব্রাজিল। নেইমারের বুদ্ধিদীপ্ত কর্নার থেকে হেড করে ব্রাজিলের হয়ে কাঙ্ক্ষিত গোলটি করেন মার্কুইনহোস। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বলটি এমন জায়গায় রেখেছিলেন পিএসজি তারকা, পেরুর গোলরক্ষক অনেক চেষ্টা করেও বলের নাগাল পাননি।

আরও পড়ুন     রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কাজে গতি বাড়াতে নয়া কর্মসূচি রাজ্যপালের

বাছাই পর্বের খেলায় ব্রাজিল-আর্জেন্টিনার জয়ের দিন হারতে হল দক্ষিণ আমেরিকার আর এক হ্যাভিওয়েট উরুগুয়েকে। ইকুয়েডরের ঘরের মাঠে এগিয়ে গিয়েও হারতে হল দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ম্যাচের ৩৮ মিনিটে ক্যানবিওর গোলে এগিয়ে যায় উরুগুয়ে। প্রথমার্ধের সংযুক্তি সময়ে সমতা ফেরায় ইকুয়েডর। গোলদাতা ফেলিক্স টোরেস। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ফের গোল করে দলকে এগিয়ে দেন ফেলিক্স। ম্যাচে আর সমতা ফেরাতে পারেনি ডারউইন নুনেজরা। দুটি ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রইল উরুগুয়ে।

About Post Author